দুদকের মামলা বাতিল চেয়ে মোশাররফের আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং মোশাররফ হোসেনের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলো ডটকমকে বলেন, মামলা বাতিল চেয়ে খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে রায় দিয়েছেন আদালত। মামলার কার্যক্রমের ওপর এর আগে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এই মামলার কার্যক্রম পরিচালনায় আইনি কোনো বাধা থাকছে না। তবে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলো ডটকমকে বলেন, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করা হবে। জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং তিন কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ১০ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলাটি করে। ওই বছরের ১৭ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে তাঁর করা আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৭ আগস্ট হাইাকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ আদালত রায় দেন।