দুদকের মামলায় কাস্টমস কর্মকর্তার স্ত্রী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তার স্ত্রী আখতার জাহান লাইলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলা হয়।আজ বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর হয়। এরপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আখতার জাহান চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিভেনটিভ শাখার সুপারিনটেনডেন্ট মঞ্জুরুল হক চৌধুরীর স্ত্রী। দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মাহমুদুল হক মাহমুদ বলেন, ৫৪ লাখ ২৭ হাজার ১৬৮ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে চলতি বছরের ৩১ জানুয়ারি আখতার জাহান লাইলীর বিরুদ্ধে মামলা করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সাইফুল্লাহ মো. ইমরান বাদী হয়ে নগরের ডবলমুরিং থানায় মামলাটি করেন। মাহমুদুল হক আরও জানান, উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আখতার জাহান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, সম্পদ বিবরণী জমা দিতে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আখতার জাহানকে নোটিশ দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৯ মার্চ সম্পদ বিবরণী জমা দেন তিনি। এরপর দুদক তদন্ত করে ২০১২ সালের ৭ জুন এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তদন্তে ৫৪ লাখ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের প্রমাণ পাওয়া যায়।