দুদকের মামলায় আগাম জামিন পেলেন ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।সূত্র জানায়, আজ দুপুরে আদালতে হাজির হয়ে ওবায়দুল কাদের ওই মামলায় জামিনের আবেদন জানান। আদালতে ওবায়দুল কাদেরের পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ রাজা মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৯ মে দুদক সম্পদের বিবরণী চেয়ে ওবায়দুল কাদেরকে নোটিশ দেয়। ওই বছরের ৩০ অক্টোবর আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক তাঁর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে। ২০০৮ সালের ১৭ এপ্রিল দুদক ওবায়দুল কাদেরের ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ৪ আগস্ট ওবায়দুল কাদের জামিন পান ও পরে নির্বাচনে অংশ নেন। তাঁরও স্ত্রী জামিন পান। তবে ওবায়দুল কাদেরের স্ত্রী ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে ২০০৯ সালের ১৩ মার্চ মামলার কার্যক্রম স্থগিত করা হয় এবং রুল জারি করা হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানির পর গত বছরের ১০ নভেম্বর স্ত্রীর মামলা বাতিল হয়।