দুদকের মামলায় খোকাসহ তিনজনের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ তিনজনের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।অন্য দুজন হলেন, ডিসিসির ফেইস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সিহাবউল্লাহ এবং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। আজ সকালে হাইকোর্টে হাজির হয়ে খোকা ও সিহাবউল্লাহ আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক। আর মিজানুরের পক্ষে এ এফ এম মেজবাহ উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দীলিরুজ্জামান। দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলো অনলাইকে বলেন, ২৯ মার্চের করা ওই মামলায় সাদেক হোসেন খোকাসহ তিনজনের দুই মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।রাজধানীর মতিঝিলের দিলকুশায় একটি ভবন নির্মাণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে সাবেক মেয়র খোকার বিরুদ্ধে। ২৯ মার্চ বিকেলে শাহবাগ থানায় খোকাসহ সাতজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। মামলার অন্য আসামিরা হলেন: বর্তমান ভূমি সংস্কার বোর্ডের সচিব ও ডিসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মো নুরুল হক, ডিসিসির ফেইস প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সিহাবউল্লাহ, ডিসিসির অঞ্চল-১০-এর নির্বাহী প্রকৌশলী মো. মনসুর আহম্মেদ, ডিসিসির অঞ্চল-৮-এর উপসহকারী প্রকৌশলী মো. আমিনুর রহমান চৌধুরী, ডিসিসির ফেইস প্রোজেক্টের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. মফিজুর রহমান এবং মেসার্স এম আর ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান। এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) ৩৭ নম্বর দিলকুশায় একটি প্লটের (প্রায় ৩৭ কাঠা) ওপর বাণিজ্যিক ভবন নির্মাণের জন্য সরকারি সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী বিজেএমসি বিনা মূল্যে জমিটি ডিসিসিকে হস্তান্তর করবে এবং ডিসিসির নিজস্ব অর্থায়নে ২৫ তলা ভবনে ৩০টি গাড়ি পার্কিংয়ের জায়গা ও ভবনের দুটি ফ্লোর বিজেএমসির পাওয়ার কথা।কাজের প্রথম পর্যায়ে তিনতলা ভবন নির্মাণের জন্য বেজমেন্ট ও প্রথম ফ্লোর নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে মেসার্স এমআর ট্রেডিংকে কাজ দেওয়া হয়। কিন্তু কাজের বিভিন্ন পর্যায়ে ডিসিসির গাফিলতির কারণে মেসার্স এমআর ট্রেডিং অবৈধভাবে ৮২৭ কোটি টাকা লাভ করে। এ ছাড়া সুযোগ থাকা সত্ত্বেও মেসার্স এমআর ট্রেডিংয়ের করা রিট পিটিশনের যথাযথ আইনি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে ডিসিসি। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে খোকাসহ ডিসিসির ওই কর্মকর্তারা পরস্পরের যোগসাজশে নিজেদের আর্থিক উন্নয়ন করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পেয়েছে দুদক।