দুদকের মামলায় জামিন মেলেনি মোশাররফের
নাইকোর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের করা মামলায় জামিন মেলেনি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের। আজ বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি উত্থাপন হয়নি মর্মে (নট প্লেসড) খারিজ করে দেন।আজ হাইকোর্টে হাজির হয়ে মোশাররফ হোসেন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ আলম। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম।মো. সেলিম প্রথম আলো অনলাইনকে বলেন, ওই মামলার অভিযোগ এখনো আমলে নেওয়া হয়নি। তাই এ পর্যায়ে জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। এই বিবেচনায় আদালত জামিন অবেদন নাকচ করেছেন।দুদক চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ কে মোশাররফ হোসেন ও নাইকোর তত্কালীন ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন করে ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ল্যান্ড ত্রুদ্ধজার জিপ গ্রহণ/প্রদান, গাড়ি রেজিস্ট্রেশন বাবদ ২৩ হাজার ৮৩৫ টাকা ব্যয় এবং বিদেশে (কানাডা ও আমেরিকা) ভ্রমণের জন্য অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে পাঁচ হাজার কানাডিয়ান ডলারের আর্থিক সুবিধা গ্রহণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।