দুদকের সংশোধনী আইন সংসদে পাসের দাবি
জাতীয় সংসদের আগামী অধিবেশনেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংশোধনী আইন পাসের দাবি জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান গোলাম রহমান। এই আইন পাস হলে দুদক অনেক বেশি শক্তিশালী হয়ে কাজ করতে পারবে বলে মন্তব্য করেন তিনি। আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের মিডিয়া সেন্টারে ‘দুদক আইন, বিধি ও বিচারপ্রক্রিয়া’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দুদকের চেয়ারম্যান এ দাবি জানান। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজান মালিক।গোলাম রহমান বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য প্রতিটি সংস্থা ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। ‘সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীলতা প্রয়োজন’ উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, দেশের কথা মাথায় রেখে এবং দেশের স্বার্থ রক্ষা করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করা উচিত। তিনি আরও বলেন, দুদক ও গণমাধ্যম একে অন্যের সহযোগী। দৈনিক পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ আমলে নিয়েও দুদক অনেক দুর্নীতির অনুসন্ধান করে।‘কিছু সংবাদের কারণে কানাডা কর্তৃপক্ষের সঙ্গে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল’ উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত সব সংবাদ নির্ভরযোগ্য ও দেশপ্রেমমূলক হতে হবে, কারণ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থাগুলো মূল্যায়ন করে থাকে।কর্মশালায় উপস্থিত ছিলেন দুদকের দুই কমিশনার মো. বদিউজ্জামান ও মো. শাহাবুদ্দিন, দুদকের মহাপরিচালক (লিগাল) কামরুল হাসান মোল্লাসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আয়োজক সংগঠনের শতাধিক সাংবাদিক।