দুদকের সঙ্গে গণমাধ্যমের তথ্যের অসংগতি রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুদকের চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, ‘দুদকের তদন্ত বা প্রাপ্ত তথ্যের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের অসংগতি রয়েছে।’ আজ বুধবার বেলা সোয়া তিনটায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম রহমান এ কথা বলেন। কয়েকটি সংবাদপত্রে আজ প্রকাশিত পদ্মা সেতুর অনিয়মের সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনসহ শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গোলাম রহমান।প্রকাশিত ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করার বিষয়ে প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘না, আমি এটা প্রত্যাখ্যান করছি না। কারণ, কোনো পত্রিকায় দুদকের বিষয়টি বলা হয়নি। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতাও রয়েছে। সংবাদপত্র যেকোনো সময় যেকোনো সোর্স থেকে নিউজ পেতেই পারে।’পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দিতে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের ১০ শতাংশ অর্থ কমিশন চাওয়ার বিষয়ে গোলাম রহমান বলেন, ‘এ-সম্পর্কিত কোনো তথ্য বা প্রমাণ আমাদের হাতে এখনো আসেনি।’ তাহলে মন্ত্রী, সচিব ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ করা হলো, এ ব্যাপারে আপনার বক্তব্য কী—এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, ‘পুরো বিষয়টি ছিল দরপত্র প্রক্রিয়ার মধ্যে, যেখানে পরামর্শক নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। এসব প্রক্রিয়ার সঙ্গে মন্ত্রী, সচিব বা কোনো ধরনের শীর্ষ কর্মকর্তারা জড়িত থাকতে পারেন না। সাধারণত কোনো ব্যর্থতার ঘটনা ঘটলে শীর্ষ কর্মকর্তাদের প্রতি অভিযোগের আঙুল ওঠে। এ ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে।’এ ক্ষেত্রে মন্ত্রী, সচিব বা প্রকল্প পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের তদন্তের স্বার্থে প্রয়োজন হলে হয়তো ডাকব।’আজ কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল চার কোটি ৭০ লাখ ডলার। পরামর্শক প্রতিষ্ঠানের কাজ পাইয়ে দিতে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কাছে ১০ শতাংশ অর্থ কমিশন চেয়েছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের শীর্ষ তিনজন। তাঁরা হলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, সেতু বিভাগের সাবেক সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া এবং পদ্মা সেতুর সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম। তাঁদের প্রতিনিধিরা এই অর্থ কমিশন হিসেবে চান।অর্থের অবৈধ লেনদেনের জন্য গ্রেপ্তার হওয়া এসএনসি-লাভালিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে দুহাইমের কাছ থেকে এ তথ্য পেয়েছে কানাডার পুলিশ।