দুদকের সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক রবি ও সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে আগামী ১৪ ও ১৫ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠকে বসবে বিশ্বব্যাংকের তিন সদস্যের বিশেষজ্ঞ প্যানেল। তাঁরা ১৪ অক্টোবর রোববার সকালে ঢাকা আসবেন। ওই দিন বেলা ১১টা থেকে বিকেল এবং পরদিন একই সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দুদক সূত্র প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক ও বর্তমান পরিস্থিতি নিয়ে দুদক কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে একটি জরুরি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের প্যানেলের সঙ্গে কী কী বিষয়ে কথা হতে পারে, তা নিয়েও বৈঠক আলোচনা করা হয়। দুদক সূত্র জানিয়েছে, দুদকের সঙ্গে বিশ্বব্যাংকের প্যানেলের দুই দিনের বৈঠকেই তদন্তের পুনঃরূপরেখা তৈরি করা হতে পারে। বিশ্বব্যাংকের প্যানেলের সদস্যদের কাছে তদন্তের সারমর্ম দেওয়া হবে। তাঁদের মতামত নেওয়া হবে। আর এ বৈঠক অনুষ্ঠিত হবে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে। বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের তিনজন হলেন, লুই মরিনো ওকাম্পো, টিমথি টং ও রিচার্ড ওন্ডারম্যান। পদ্মা সেতুর অর্থায়নের শর্ত হিসেবে স্বচ্ছ ও পরিপূর্ণ তদন্ত নিশ্চিত করতে ওই তিনজন দুদকের অনুসন্ধানের দলের তদন্ত পর্যবেক্ষণ ও প্রয়োজনে সহায়তা করবে।পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রক্রিয়ায় ও মূল সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির দুটি অভিযোগ সম্পর্কে তদন্ত করেছে দুদক। এর মধ্যে মূল সেতু নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি দুদক, যা ইতিমধ্যে বিশ্বব্যাংককে জানিয়েছে দুদক। এদিকে তৃতীয় দিনের মতো রিমান্ডে এনে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে জিজ্ঞাসাবাদ করে দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর মো. জয়নাল আবেদীন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল।