দুদণ্ড শান্তির খোঁজ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইডব্লিউসিএ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুরির কাছে ১১ ফেব্রুয়ারির সকালটা ছিল একটু অন্য রকম। অন্য দিন ঘুম থেকে উঠতে কিছুটা দেরি করলেও সেদিন সে তড়িঘড়ি করে উঠে পড়ে। কারণ, সাতসকালেই জুরি কোয়ান্টাম মেথডে ধ্যানের (মেডিটেশন) প্রশিক্ষণ নিতে হাজির হয়। ধ্যানের প্রতি আগ্রহের কারণ জানাল জুরি নিজেই, ‘আসলে বাড়িতে আম্মুর সঙ্গে অডিও ক্যাসেট শুনে ধ্যান করতাম। আম্মুর অনেক সমস্যার সমাধান হয়েছে ধ্যান করার মাধ্যমে। আমি নিজেও দেখেছি, আমার চাঞ্চল্য অনেকটা কেটে গেছে নিয়মিত ধ্যান করার মাধ্যমে। ধ্যান করার আগে অল্পতেই রেগে যেতাম। এখন আর অল্পতেই চটে যাই না।’যান্ত্রিকতা জেঁকে বসেছে নাগরিক জীবনে। কাজের চাপে মানুষ নিজের জন্য রাখতে পারছে না একচিলতে সময়। এর ফলে দেখা দিচ্ছে হতাশা, অস্থিরতা, মানসিক চাপ; আবার কখনো মানুষের মাঝে নেতিবাচক চিন্তাভাবনা জাগ্রত হচ্ছে। মানুষ ভুলেই যায় সে আসলে ভালো কাজ করতে পারে। এ জাতীয় সমস্যা থেকে মুক্তি মেলে মেডিটেশন বা ধ্যান করার মাধ্যমে। এমনটাই জানালেন ধ্যান শেখায় নগরের এমন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা।তবে জুরির মতো কিশোরীর সংখ্যা কম হলেও তরুণ আর বয়স্কদের ভিড় কিন্তু বাড়ছে ধ্যানের প্রশিক্ষণে। সদ্য ‘এ’ লেভেল শেষ করা তমা সেন গুপ্ত দ্বিতীয়বারের মতো কোয়ান্টামে ধ্যানের কোর্স করতে এসেছেন। তাঁর মতে, ‘নিয়ম করে বাসায় ধ্যানের চর্চা করলে মানসিক শান্তি পাওয়া যায়।’নগরে ধ্যানচর্চা শুরুর গোড়ার কথা জানালেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সমন্বয়ক মুনিরুজ্জামান। তিনি বলেন, ‘বাংলাদেশে ১৯৮২ সালে যোগ ফাউন্ডেশন নামে ধ্যানচর্চা শুরু হয়। তবে কোর্স আকারে এটা শুরু হয় ১৯৯৩ সাল থেকে।’এর উপকারিতা সম্পর্কে তিনি বলেন, ‘আত্মনিয়ন্ত্রণের জন্য ধ্যানের চেয়ে ভালো উপায় আর কী হতে পারে। আমরা ধ্যান বা মেডিটেশনের ওপর চার দিনের যে কোর্স করাই তাতে মানুষের মস্তিষ্ককে যদি পরিকল্পিত অবস্থায় চলে আসে। এ অবস্থায় যেকোনো কাজে মস্তিষ্ক আরও বেশি কর্মক্ষম হয়ে ওঠে। মোট ৩৫ রকমের ধ্যান আছে। যার সবগুলোই মস্তিষ্ক ও মন নিয়ন্ত্রণের জন্য।’কোয়ান্টামে ধ্যানের চর্চা করেছেন ব্যবসায়ী মনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমি কোর্স করেছি ঠিকভাবে ব্যবসায় মনোনিবেশ করার জন্য এবং আমি এতে উপকৃত হয়েছি। অনেকে এটাকে কাকতালীয় বলতে পারেন। তবে আমি ধ্যানের সুফল পাচ্ছি।’ধ্যানকে এক ধরনের মানসিক ব্যায়াম মনে করেন সিলভা আলট্রা মাইন্ড মেথডের সমন্বয়ক নূরুল আমীন। তিনি জানান, ধ্যান করে মানুষ সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। তবে সমস্যাগুলোকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। এগুলো হচ্ছে: স্বাস্থ্য, কর্মবিষয়ক ও সম্পর্ক। সিলভা আলট্রামাইন্ড মেথডে তিন দিনের কোর্স করানো হয় বলে তিনি জানান।প্রশান্তি ইয়োগা আয়ুর্বেদ ও ন্যাচারালপ্যাথি সেন্টারের গুরুজি সত্যজিৎ বিশ্বাস জানান, যেকোনো ধর্মের মানুষ ধ্যান করার মাধ্যমে উপাসনা করতে পারেন। তবে এটা ভাবা ভুল যে ধ্যান করা মানেই ধর্মীয় উপাসনা করা। ধ্যান মানুষের কর্মক্ষমতা বাড়ায়, ধিরস্থির হতে সাহায্য করে। আর এভাবেই মন শান্ত হয়।ইন্দিরা গান্ধী সংস্কৃতি বিকাশ কেন্দ্রের ইয়োগা গুরু প্রসন্ন কুমার বলেন, ‘যোগব্যায়ামের মধ্যে আমরা ধ্যান করাই। এটাকে বলা হয় প্রাণায়াম, সহজ কথায় প্রাণের ব্যায়াম। আর এ ব্যায়ামের মাধ্যমে নিজের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করা হয়। ধ্যান করা যায় সংখ্যাগতভাবে সংখ্যা গণনার মাধ্যমে, আবার বস্তুগতভাবে কোনো বস্তু বা ব্যক্তির ওপর মনোনিবেশ করে।’ধ্যানের ক্ষেত্রে খরচটা খুব বেশি নয়। ইন্দিরা গান্ধী সংস্কৃতি বিকাশ কেন্দ্রে তিন মাসের জন্য নিবন্ধন ফি ৫০০ টাকা, কোয়ান্টাম মেথড এবং সিলভা আলট্রা মাইন্ড মেথডে প্রতি কোর্সের খরচ সাত হাজার থেকে আট হাজার টাকা। আর ফিটনেস ক্লাবগুলোর ক্ষেত্রে খরচটা প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে।পারসোনা হেলথ ক্লাবের হেড অব জিম তানজিনা চৌধুরী জানান, মানসিক চাপ কমানো, ধৈর্য বাড়ানো কিংবা মনোযোগ বাড়াতে ধ্যান করা যেতে পারে। শবাসন (শুয়ে) কিংবা সুখাসন (বসে) যেভাবেই ধ্যান করা হোক না কেন, মনোযোগটা যিনি নির্দেশ দিয়ে ধ্যান করাচ্ছেন তাঁর দিকে থাকতে হবে, নচেৎ হিতে বিপরীত হতে পারে। আর ধ্যান করার সময় অবশ্যই পরে নিতে হবে ঢিলেঢালা এবং আরামদায়ক পোশাক। একেবারে খালি পেটে বা ভরা পেটে ধ্যান না করার পরামর্শ দেন এই শরীরচর্চাবিদ।