দুদল আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আগামীকাল জাতীয় সংসদের অধিবেশন বসছে। সংসদে আসুন, প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে যত খুশি কথা বলুন।’ দুদল আলোচনা করে নির্বাচনের বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন। খবর বাসসের। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান সরকারের অগ্রযাত্রা: বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। জনতার প্রত্যাশা নামের একটি সামাজিক সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে হবে। তবে সরকার চায় আওয়ামী লীগ ও বিএনপি দুই দলের সমঝোতার ভিত্তিতেই নির্বাচন।খালেদা জিয়ার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তাঁর রাজনৈতিক দর্শন হচ্ছে জিন্নাহ থেকে জিয়া। সে কারণেই ক্ষমতার জন্য তাঁর যত মায়াকান্না।’সংগঠনের সভাপতি এম এ করিমের সভাপতিত্বে সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক প্রমুখ বক্তব্য দেন।