দুধে পানি ও ময়দা দিয়ে ভেজাল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরের দুধ বাজারে দুধের মধ্যে পানি ও ময়দা মিশিয়ে বিক্রি করার অপরাধে দুই বিক্রেতাকে পৃথকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২০ দিনের বিনা শ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত ওই দুই ব্যবসায়ী হলেন উপজেলার মানিকনগর গ্রামের দুলাল ঘোষ (৩৫) ও তিলকিয়া গ্রামের হিলাল মিয়া (৩৬)।আজ সোমবার বেলা দেড়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ড দেন। ওই দুই দুধ বিক্রেতার কাছ থেকে উদ্ধার করা প্রায় ৪০ লিটার ভেজাল দুধ রাস্তায় ফেলে দেওয়া হয়। ক্রেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের কয়েকজন চিহ্নিত দুধ ব্যবসায়ী এভাবে ভেজাল দুধ বিক্রি করে ক্রেতাদেরকে ঠকিয়ে আসছিলেন।ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা নবীনগর পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত দুলাল ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং হিলাল মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।