দুধে-ভাতে সুখী জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ থাকে খড়ের কাঁচা ঘরে আর তাদের গাভি থাকে দালানঘরে। রংপুরের কাউনিয়া উপজেলার হলদিবাড়ী গ্রামের অতিপরিচিত দৃশ্য এটি। গাভি পালন আর দুধ বিক্রি করে বদলে গেছে গ্রামের দেড় শতাধিক পরিবারের ভাগ্য। দুধের খামার গড়ে এখন সেখানকার অনেক পরিবার স্বাবলম্বী। সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। গ্রামের যুবকদের বেকারত্ব ঘুচেছে।মঙ্গাপীড়িত গ্রামটির মানুষের ভাগ্য বদল হওয়ার পেছনে লুকিয়ে আছে ওই গ্রামেরই এক দম্পতির সাফল্যের কাহিনি। আলতাফ হোসেন (৪৮) ও মাহফুজা খাতুন (৩৮) গাভি পালন ও দুধ বিক্রি শুরু করেন ১৯৯৯ সালে। গত ১১ বছরে তাঁরা শুধু নিজেদের ভাগ্যই বদলাননি, বদলে দিয়েছেন পুরো গ্রামকে। প্রতিবেশী ও গ্রামবাসীকে পরামর্শ আর তথ্যগত সহায়তা দিয়ে অনুপ্রাণিত করেন। তাদের সাফল্য দেখে গ্রামের অন্যরাও শুরু করেন আধুনিক পদ্ধতিতে গাভি পালন। গাভির কল্যাণে এখন গ্রামটির পরিচিতি দুধের গ্রাম হিসেবে। একাধিক দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাত কোম্পানি এই গ্রাম থেকে দুধ সংগ্রহ করছে।যেভাবে শুরু: কৃষিজীবী ইয়াছিন আলীর ছেলে আলতাফ ১৯৭৮ সালে এসএসসি পাস করার পর একটা চাকরির জন্য অনেক ঘুরেছেন, কিন্তু হয়নি। ১৯৯৫ সালে তিনি বিয়ে করেন পাশের শাহাবাগ গ্রামের মাহফুজা বেগমকে। পৈতৃক সূত্রে ৪০ শতাংশ জমি ভাগে পেলেও তাতে ফসল হতো না। আলতাফ বিয়ের পর খেতে শ্রমিকের কাজ করতেন। ওই আয় দিয়ে তিন বেলা খাবার জুটত না। আশ্বিন-কার্তিক মাসে অনেক দিনই তাঁদের অর্ধাহারে-অনাহারে কাটাতে হয়েছে।১৯৯৬ সালের শেষের দিকে মাহফুজার চাচাতো বোন খায়রুনের বাড়ি রংপুর সদর উপজেলার মাহীগঞ্জে বেড়াতে যান। সেখানে নাছিম নামের এক ব্যক্তির বিদেশি জাতের গাভি ও দুধ উৎপাদনের আধুনিক খামারব্যবস্থা দেখে তাঁদের মাথায় আসে গাভি পালনের কথা। বাড়ি ফিরে কিছুদিন পর ১০ শতক জমি, মাহফুজার গলার স্বর্ণের হার, কানের দুল, ঘরের আসবাব বিক্রি করে নাছিমের কাছ থেকে ৩৩ হাজার টাকায় দুটি সংকর জাতের বকনা বাছুর কিনে আনেন আলতাফ। মাহফুজা নিজের সন্তানের মতো লালন-পালন শুরু করেন এগুলোর। তাঁর পরম যত্নে বকনা দুটি বেড়ে ওঠে। ১৯৯৯ সাল থেকে প্রতিদিন ৩০-৩২ লিটার দুধ দিতে শুরু করে গাভি দুটি। দুধ বিক্রি করে দৈনিক প্রায় ৪০০ টাকা আয় করতে শুরু করেন এই দম্পতি। গরুর গোবর দিয়ে জ্বালানি তৈরি করে বাজারে বিক্রি করেও কিছু আয় হতো। এভাবে দুই বছরের জমানো টাকা দিয়ে তাঁরা আরও পাঁচটি বিদেশি গাভি কেনেন। এই সাতটি গাভি দিয়ে শুরু করেন দুগ্ধখামার।দুধের গ্রামে একদিন: হলদিবাড়ি গ্রাম কাউনিয়া উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরে। গ্রাম ঢুকলেই চোখে পড়ে, মাঠে গাভি আর বাছুর চরে বেড়াচ্ছে। অনেকে ঘাস কেটে বস্তায় ভরে বাড়ি ফিরছেন। বধূরা বাড়িতে গম বা মাষকলাইয়ের ভুষির সঙ্গে মিশিয়ে তা গাভিকে খাওয়াচ্ছেন। কেউ গাভির গা ধুয়ে দিচ্ছেন। খামার পরিষ্কার করছেন অনেকে। প্রায় বাড়িতেই স্বাস্থ্যসম্মত পায়খানা রয়েছে। আলতাফ-মাহফুজা দম্পতিকে গাভির পরিচর্যায় ব্যস্ত দেখা গেল। তাঁদের কথা: গাভি পালন আর দুধ বিক্রির আয় দিয়ে আলতাফ জমি কিনে তাতে ধান ও গাভির খামারের জন্য নেপিয়ার ঘাসের চাষ করছেন। খামারের জন্য আধা পাকা ঘর তৈরি করেছেন। বাড়িতে বিদ্যুৎ আছে, টেলিভিশন চলে। মাছ চাষের জন্য খনন করেছেন দুটি পুকুর। তাঁর এক ছেলে মোশাররফ রংপুর কারমাইকেল কলেজে, আরেক ছেলে মশিয়ার হোসেন কাউনিয়া উচ্চবিদ্যালয়ে পড়ে। তাঁর খামারে কাজ করেন তিনজন শ্রমিক।মাহফুজা বলেন, ‘এসব আমাদের পরিশ্রমের ফল। গ্রামের অন্যদেরও তা-ই। আগের মতো কষ্ট কারও নাই। সবাই এখন দুধে-ভাতে সুখী।’আলতাফ বলেন, ‘এসএসসি পাস করে একটি চাকরির জন্য ঘুরে ঘুরে কত সময় নষ্ট করেছি। সংসার চালানোর জন্য শ্রমিকের কাজ করেছি। আশ্বিন-কার্তিক মাস প্রায় দিনেই না খেয়ে থেকেছি। এখন দিন বদলেছে।’ তিনি জানান, ১০০ গাভির একটি বড় খামার করার ইচ্ছা আছে তাঁর। কিন্তু আগের চেয়ে গো-খাদ্যের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় তাঁর মতো অনেক খামারি হতাশ হয়ে পড়েছেন। এ জন্য সহজ শর্তে ঋণ এবং সরকারিভাবে দুধের মূল্য বাড়ানোর আবেদন জানান তিনি।আয়: আলতাফ জানান, তাঁর খামারে এখন ২০টি গরু। এর মধ্যে ১১টি গাভি। এগুলো দৈনিক দুধ দেয় ১২০-১২৫ লিটার, যা বিক্রি করে খরচ বাদে দৈনিক আয় থাকে ৮০০ টাকা। বছরে লাখ দেড়েক টাকার গাভি ও বাছুরও বিক্রি করেন। এ ছাড়া গ্রামে তিনি গড়ে তুলেছেন দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি। এ সমিতির সভাপতিও তিনি। প্রতিদিন খামারিরা তাঁর কাছে দুধ নিয়ে আসেন। আলতাফ সেই দুধ প্রতি লিটার ২৯ টাকা দরে কিনে কোম্পানিতে পাঠান। প্রতি লিটারে ৫০ পয়সা কমিশন পান তিনি।ঘরে ঘরে খাঁটি দুধ: আলতাফ-মাহফুজার কাছে পরামর্শ নিয়ে ভাগ্য বদলেছেন গ্রামের গিয়াস উদ্দিন, বদিউজ্জামান, আবদুল জলিল, হাবিবুর রহমান, মনোয়ারুল, সেকেন্দার, আবু বক্কর, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলামসহ দেড় শতাধিক পরিবার। তাঁরা সাত-আট বছর ধরে গাভি পালন করে এখন অনেকেই দুগ্ধখামারের মালিক।মোসলেম উদ্দিন স্নাতকের পর সাত বছর চাকরির সন্ধানে বেকার জীবন কাটিয়েছেন। মাঝে ছোটখাটো ব্যবসা দাঁড় করানোর চেষ্টাও করেন, কিন্তু সুবিধা হয়নি। আলতাফ-মাহফুজার পরামর্শে ২০০২ সালে গাভি পালন শুরু করেন তিনি। তিনটি বিদেশি জাতের গাভি দিয়ে শুরু করা মোসলেম উদ্দিনের খামারে এখন নয়টি গাভি। দুধ বিক্রি করে দৈনিক আয় করেন ৬০০ টাকা। এক একর জমি কিনেছেন, গাভির খামার করেছেন আধা পাকা ঘরে।সাত বছর আগে মইনুল হক করতেন শ্রমিকের কাজ। কাজ না থাকায় আশ্বিন-কার্তিক মাস তাঁর পরিবারকে প্রায় থাকতে হতো উপোস। আলতাফের পরামর্শে গাভি পালন করে টিনের ঘর তুলেছেন। দুধ বিক্রি করে তাঁর মাসিক আয় এখন আট হাজার টাকা।গ্রামের নারীরাও গাভি পালন করে সংসারের দৈন্য ঘুচিয়েছেন। তাঁদের মধ্যে মনোয়ারা খাতুন, আয়শা খাতুন, জোলেখা বেগম, মঞ্জুরা খাতুন, ফরিদা খাতুন এখন মাসে পাঁচ হাজার টাকা আয় করছেন। দিনমজুর আসলামের স্ত্রী আশামণিও এখন চারটি গাভির মালিক। গাছপালা ঘেরা বাড়ি তাঁর। এক ছেলে কলেজে পড়ছে। ১২টি গাভির মালিক আসমা খাতুন। তিনি দাবি করেন, ‘আমাদের গ্রামে দুধে কেউ ভেজাল মেশায় না। ভেজাল মেশালে গাভির দুধ কমে অসুখে পড়বে—এটি মনে করে দুধে কেউ পানি দেয় না।’ প্রশাসন ও জনপ্রতিনিধিরা যা বলেন: কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, আলতাফ ও মাহফুজারকে দেখে হলদিবাড়ী গ্রাম ছাড়াও পাশের শাহাবাঘ, খেপাতি, নিচপাড়া গ্রামের নারী-পুরুষ গাভি পালন করে ভাগ্য বদলেছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার বলেন, হলদিবাড়ী গ্রামের দেড় শতাধিক খামারিকে আধুনিক পদ্ধতিতে গাভি পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই গ্রামের মানুষ নিজের সন্তানের চেয়েও গাভির যত্ন বেশি করে।