দুধের ধারায় অভাব দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু—একসময় যেন এটাই ছিল আমাদের গ্রামবাংলার পরিচিতি। কিন্তু সময়ের সঙ্গে জনসংখ্যা বেড়ে যাওয়াসহ নানা কারণে হারিয়ে যায় গ্রামের সেই বৈশিষ্ট্য। জেঁকে বসে অভাব। তবে সব ফেরাতে না পারুক, অন্তত গোয়াল ভরা গরুর বৈশিষ্ট্যটি ফেরাতে পেরেছে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ি ঘোষপাড়া এলাকার বাসিন্দারা। ঘোষপাড়ার প্রায় দেড় শ পরিবার গরু পালন আর দুধ বিক্রি করে অভাব জয় করেছে। পরিবর্তন করেছে নিজের ভাগ্য। আগের কথা: মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে প্রায় লাগোয়া এলাকাটির নাম বালিজুড়ি ঘোষপাড়া। এই এলাকার বেশির ভাগ মানুষই ছিল দরিদ্র। শিক্ষার হারও ছিল অনেক কম। দই বিক্রিই ছিল তাদের প্রধান পেশা। বাজার থেকে দুধ কিনে এনে দই তৈরি করা হতো। কিন্তু দিন দিন দুধের দাম বেড়ে যাওয়ায় দই বিক্রি করে লাভের পরিমাণ কমতে থাকে। জমিজমাও তেমন না থাকায় তারা আয়ের বিকল্প পথ খুঁজতে থাকে।যেভাবে শুরু: অভাব জয় করতে এই গ্রামের কয়েকজন উন্নত জাতের গরু পালন শুরু করেন। তাঁদেরই একজন অনন্ত ঘোষ। ১৯৯২ সালে টাঙ্গাইল জেলা পশু হাসপাতালে কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে উন্নত জাতের গাভি পালন শুরু করেন তিনি। আর পেছনে তাকাতে হয়নি। সাফল্য পান তাঁর সঙ্গে গাভি পালন শুরু করা আরও কয়েকজন। তাঁদের দেখাদেখি অন্য পরিবারগুলোও গাভি পালন শুরু করে। পেতে থাকে সফলতা। ধীরে ধীরে বালিজুড়ি ঘোষপাড়া এলাকাটিই পরিচিত হয়ে ওঠে ‘গরু আর দুধের গ্রাম’ হিসেবে। সেই সফলতা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও। ঘোষপাড়ায় এক দিন: এক সকালে ঘোষপাড়ায় গিয়ে দেখা গেল তাঁদের দিন শুরুর ব্যস্ততা। কেউ দুধ সংগ্রহে ব্যস্ত, কেউ গোয়ালঘর পরিষ্কার করতে। কেউ আবার গরুর খাবার জোগাড়ে। দুধ সংগ্রহের পর নছিমনে করে বিক্রির জন্য মহাজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাচ্ছেন কেউ কেউ। কথা বলারও যেন ফুরসত নেই। স্থানীয় বাসিন্দা উত্তম কুমার ঘোষ জানান, এখানে সারা বছর সকালের ব্যস্ততাটা এমনই হয়। দুধের দাম বেড়ে যাওয়ায় এই গ্রামে গরু পালন আগের চেয়ে বাড়ছে। অনেকেই নতুন করে এ ব্যবসায় আসছেন। কথা হলো ১৯৯২ সালে গাভি পালন শুরু করা সেই অনন্ত ঘোষের সঙ্গে। জানালেন তাঁর শুরুর কথা। ‘লোকমুখে শুনেছিলাম, টাঙ্গাইলে অনেক খামারে উন্নত জাতের গাভি পালন করা হয়। এতে লাভ অনেক। তাই একদিন চলে গেলাম টাঙ্গাইল প্রাণিসম্পদ কার্যালয়ে। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম গাভি পালন শুরু করব।’ বলে যান অনন্ত, ‘এরপর চারটি গাভি নিয়ে শুরু করি। আর পেছনে তাকাইনি।’ জানালেন, এখন তাঁর ১১০টি গাভি আছে। দিনে গড়ে পাঁচ মণ দুধ পান। শুরুর পর এ পর্যন্ত প্রায় দেড় হাজার গরু বিক্রি করেছেন। সেই টাকা দিয়ে ছয় একর জমি করেছেন। ১৬ লাখ টাকায় জমিসহ কিনেছেন একটি বাড়ি। ছোট এক ভাই, একমাত্র ছেলে ও মেয়েকে উচ্চশিক্ষিত করেছেন। গরু পালনে স্বাবলম্বী হওয়ার গল্প শোনালেন এই গ্রামের গোবিন্দ ঘোষও। ১০ থেকে ১২ বছর আগে বগুড়া থেকে ৬৭ হাজার টাকায় উন্নত জাতের তিনটি গাভি কেনেন। বর্তমানে তাঁর গাভির সংখ্যা ৩৫। দিনে গড়ে ৬০ লিটার করে দুধ পাচ্ছেন। দুই ভাই মিলে গরু পালন করে এ পর্যন্ত সাত বিঘা জমি কিনেছেন। মাদারগঞ্জ থানা মোড়ে একটি দইয়ের দোকানও দিয়েছেন।আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোষপাড়ায় দিনে প্রায় ৫০ মণ দুধ পাওয়া যায়। প্রতি মণ দুই হাজার টাকা দরে কমপক্ষে এক লাখ টাকার দুধ বিক্রি হয়ে থাকে। সফল আরও কয়েকজন: বালিজুড়ি ঘোষপাড়ার মেগু ঘোষ, পরেশ ঘোষ, নৃপেন ঘোষ, সুবল ঘোষ, গৌর ঘোষ, ঘটু ঘোষ, অরবিন্দ ঘোষ, তুষার ঘোষসহ প্রায় দেড় শ পরিবার গরু পালন ও দুধ বিক্রি করে এখন স্বচ্ছন্দেই দিন কাটাচ্ছে। আনন্দ বিএসসি বলেন, ‘বছর দশেক আগেও আমাদের পাড়ার অনেক পরিবারে তিনবেলা ঠিকমতো খাবার জুটত না। তাদের অনেকেই গাভি পালন করে স্বাবলম্বী হয়েছে। ওদের দেখে আমি নিজেও বছর চারেক আগে তিনটি গাভি কিনেছি। এরই মধ্যে দুধ বিক্রির টাকা দিয়ে এক বিঘা জমি কিনেছি। এখন আমার দুটি গাভিসহ পাঁচটি গরু আছে।’আছে সমস্যাও: সফলতার পাশাপাশি সমস্যার কথাও জানালেন সফল ওই মানুষগুলো। ‘আমরা দুধ উৎপাদন করছি ঠিকই, কিন্তু দুধ বাজারজাতকরণে অনেক সমস্যায় পড়তে হয়। বন্যা, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি সমস্যার কারণে দুধের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছি।’ বলেন নরেন ঘোষ। গৌড় ঘোষের অভিযোগ, ‘দুধের বাজারে মধ্যস্বত্বভোগীর উৎপাত রয়েছে। তারাই বেশি লাভবান হচ্ছে।’ আরও কয়েকজন জানালেন, মাদারগঞ্জ উপজেলা সদরে একটি বিক্রয়কেন্দ্র বা মিল্ক ভিটার ক্রয়কেন্দ্র স্থাপন করা হলে দুধ বিক্রি করতে খুব সহজ হতো। এটা তাঁদের অনেক দিনের দাবি। কিন্তু তা পূরণ হচ্ছে না।তাঁরা যা বলেন: মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, গাভি পালনে আগ্রহীদের উন্নত জাতের বীজ, পশুর চিকিৎসা ও সুদবিহীন ঋণসহায়তা দেওয়া হয়। কাউকে কাউকে গাভি পালনের প্রশিক্ষণও দেওয়া হয়। মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশাররফ হোসেন তালুকদার জানান, ঘোষপাড়ার সফলতা দেখে আশপাশের এলাকার বাসিন্দারাও গাভি পালনে আগ্রহী হয়ে উঠছে। ঘোষপাড়ার সাফল্য এই এলাকায় অভাব জয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।