দুধের মূল্যবৃদ্ধি খতিয়ে দেখতে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটার প্যাকেটজাত তরল দুধের দাম বাড়ানোর বিষয়টি যৌক্তিক হয়েছে কি না, তা যাচাই-বাছাই করে দেখতে একটি কমিটি গঠন করেছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। এ ছাড়া আগামীকাল ১ জুন থেকে খামারি পর্যায়ে প্রতি লিটার দুধের ক্রয়মূল্য এক টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত শনিবার থেকে মিল্ক ভিটা তাদের প্যাকেটজাত দুধের দাম বাড়ায়। গত মঙ্গলবার এ নিয়ে প্রথম আলোতে ‘এক লিটার দুধের দাম কত?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটিকে মন্ত্রণালয়ে ডাকেন সমবায়সচিব। ওই সভাতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার সচিবালয়ে তাঁর দপ্তরে প্রথম আলোকে বলেন, মিল্ক ভিটার প্যাকেটজাত তরল দুধের মূল্যবৃদ্ধির বিষয়টি যৌক্তিক হয়েছে কি না, খামারিদের কাছ থেকে দুধের সংগ্রহমূল্য এক টাকা বাড়ানো হলে খুচরা পর্যায়ে বিক্রয়মূল্য কত হওয়া উচিত, সেসব বিষয় খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।সচিব জানান, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটি বলেছে, তাদের প্রশাসনিক ও উৎপাদন ব্যয় অনেক বেশি। এই অবস্থায় কীভাবে প্রশাসনিক ব্যয় কমানো যায় তা খুঁজে বের করা, মিল্ক ভিটার বর্তমান জনবল প্রয়োজনের তুলনায় বেশি কি না এবং জনবল যৌক্তিকীকরণ করার বিষয়টি কমিটি খতিয়ে দেখবে।সভাসূত্র জানায়, সভায় সমবায়সচিব মিল্ক ভিটার দুধের দাম বাড়ানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন। তিনি মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালকের উদ্দেশে বলেন, মন্ত্রী, সচিব, সমবায় অধিদপ্তরের নিবন্ধকের অনুমোদন না নিয়েই দাম বাড়িয়ে দিচ্ছেন। মিল্ক ভিটা একটি সরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমানতালে মুনাফা করার জন্য নয়, জনসেবার জন্য। যাচাই কমিটির প্রধান করা হয়েছে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মমিনুল হক তালুকদারকে। তিনি প্রথম আলোকে বলেন, প্রশাসনিক ও অন্যান্য আনুষঙ্গিক খরচ কমিয়ে মুনাফা ঠিক রেখে কীভাবে মিল্ক ভিটার দুধের দাম কম রাখা যায়, সে লক্ষ্য নিয়েই মূলত কমিটি কাজ করবে। কমিটি দুধের খুচরা মূল্য নির্ধারণ যৌক্তিক হয়েছে কি না, তা খতিয়ে দেখবে। আজ বৃহস্পতিবার থেকেই কমিটি কাজ শুরু করবে এবং এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবে। নষ্ট দুধ বাঘাবাড়ীতে ফেরত: সিরাজগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এনামুল হক জানান, মিল্ক ভিটার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী দুগ্ধ কারখানা থেকে ঢাকায় পাঠানো পাঁচ হাজার ৭০০ লিটার দুধের গুণগত মান খারাপ হওয়ায় গত মঙ্গলবার তা বাঘাবাড়ীতে ফেরত পাঠানো হয়েছে। শীতলীকরণ যন্ত্র ঠিকভাবে কাজ না করায় দুধ নষ্ট হয়ে যায়। মিল্ক ভিটা সূত্র জানায়, বাঘাবাড়ী থেকে ঢাকায় মিল্ক ভিটার প্রধান কারখানায় গত সোমবার এ দুধ পাঠানো হয়। দুধে অম্লতা (এসিড) বেশি হওয়ায় মঙ্গলবার তা বাঘাবাড়ীতে ফেরত পাঠানো হয়। তবে ঢাকায় এ দুধ থেকে ননি আলাদা করে বাকিটা ফেরত দেওয়া হয়েছে।সূত্র বলছে, দুধ শীতলীকরণ যন্ত্রটি অনেক দিন থেকেই ঠিকভাবে কাজ করছে না। কিন্তু এটি ঠিকও করা হয় না। তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুধ সংরক্ষণ করার নিয়ম হলেও সেখানে এখন সাত থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে দুধ সংরক্ষণ করা হচ্ছে। এতে দুধের বিভিন্ন উপাদানের তারতম্য হচ্ছে। দুধে নষ্ট হয়ে যাচ্ছে। দুধ ফেরত আসার কথা স্বীকার করে বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, অতিরিক্ত গরমে দুধে অম্লের পরিমাণ বেড়ে গেছে। দুধ থেকে ননি পৃথক করার পর এগুলো বাঘাবাড়ীতে ফেরত পাঠানো হয়েছে। ওই ননি থেকে ঘি এবং বাকি তরল দুধ থেকে গুঁড়া দুধ তৈরি করা হবে। ননিবিহীন দুধ পরে দরপত্রের মাধ্যমে বিক্রি করা হবে। এতে প্রতিষ্ঠানের কোনো আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলে দাবি করেন তিনি। শীতলীকরণ যন্ত্র ঠিকভাবে কাজ না করার বিষয়টি স্বীকার করে ইদ্রিস আলী বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনেক আগেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিল্ক ভিটার প্রতিবাদ: মিল্ক ভিটার ‘এক লিটার দুধের দাম কত’ শিরোনামে প্রথম আলোয় প্রকাশিত খবরের প্রতিবাদ করেছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড। এতে দুধের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দফায় দফায় জ্বালানি, বিদ্যুৎ, সিএনজির মূল্যবৃদ্ধি, ফেরিভাড়া ও যমুনা সেতুর টোল বৃদ্ধি এবং গোখাদ্যের মূল্যের কথা বলা হয়। প্রতিবাদে বলা হয়, ভোক্তাপর্যায়ে বিক্রয়মূল্য ৫৮ টাকা নির্ধারণ করা হলেও মিল্ক ভিটা ইউনিয়নের প্রকৃত বিক্রয়মূল্য ৫৩ টাকা ৬০ পয়সা। বাকি চার টাকা ৪০ পয়সা পরিবেশক ও দোকানদারদের কমিশন। সমবায়ীদের কাছ থেকে দুধ কেনার মূল্য ৩১ দশমিক ৯৪ টাকা (৩.৫ শতাংশ ফ্যাটের ক্ষেত্রে), সম্পূরক মূল্য এক টাকা, সমিতি থেকে কারখানায় পৌঁছানোর ব্যয় দুই টাকা ৫৮ পয়সা, মানোন্নয়ন ব্যয় তিন টাকা ২৩ পয়সা, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ১৩ টাকা ৪৯ পয়সা—সব মিলিয়ে ৫২ টাকা ২৪ পয়সা খরচ হয়। ফলে মিল্ক ভিটা পায় মাত্র এক টাকা ৩৬ পয়সা।প্রতিবাদপত্রে দাবি করা হয়, মিল্ক ভিটায় কোনো দুর্নীতি নেই। প্রশাসনিক ব্যয় স্বাভাবিক ও প্রয়োজনীয় জনবল আছে।প্রতিবেদকের বক্তব্য: দাম বাড়ানো নয়, ওজনভেদে এক লিটার দুধের দাম ৫৮, ৬৪ ও ৬৮ টাকা নির্ধারণ করা যৌক্তিক হয়েছে কি না, সে প্রশ্ন তোলা হয়েছিল প্রথম আলোর প্রতিবেদনে। কিন্তু গতকাল সন্ধ্যায় পাঠানো প্রতিবাদপত্রে মিল্ক ভিটা কর্তৃপক্ষ শুধু ৫৮ টাকা লিটার ধরে তাদের ব্যাখ্যা দিয়েছে। যদিও গতকাল সকালেই সমবায় বিভাগ এ মূল্যবৃদ্ধি, প্রশাসনিক ব্যয় ও জনবল পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে। প্রতিবেদনে দাম বাড়ানোর বিষয়টি সমবায় বিভাগ বা মন্ত্রণালয় জানে কি না, সে প্রশ্ন ছিল। প্রতিবাদপত্রে সে বিষয়ে কিছু বলা হয়নি। যদিও গতকাল সমবায় সচিবের সঙ্গে বৈঠকে সচিব মন্ত্রণালয়কে না জানিয়ে দাম বাড়ানোর বিষয়ে মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির প্রতি তাঁর অসন্তোষ প্রকাশ করেছেন। প্রতিবেদনে বেসরকারি ডেইরির সঙ্গে প্রায় একযোগে দাম বাড়ানোর বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল। প্রতিবাদে সে বিষয়েও কিছু বলা হয়নি।