দুপচাঁচিয়ায় টিউবওয়েলগুলোতে পানি উঠছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হামার কল (টিউবওয়েল) একবারে জব (বন্ধ) দিচে। আট-দশ বার পাম্প করে এক ফোঁটা পানি ব্যার হচ্ছে না। পাড়ার সব বাড়ির কলেতই পানি ন্যাই। বাসনকোসন মাজা আর গোসলের জন্য গাড়ি-ডোবার পানি ব্যবহার করিচ্চি। কিন্তু খাওয়ার পানি লিয়্যা বিপদে পড়িচি হামরা। এ রকম অবস্থায় কোনো দিনই পড়িনি। সারা দিনের খাওয়ার পানির জন্যি গ্রামের পাশের জমির শ্যালো মেশিন থ্যাকা পানি অ্যানা খাচ্চি।’ কথাগুলো বললেন উপজেলা সদরের পার্শ্ববর্তী ইসলামপুর গ্রামের হোসেন আলী (৩৮)।নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডল (৪৭) বলেন, ‘টিউবওয়েলে পানি উঠছে না। আট-দশ বার পাম্প করার পর এক ফোঁটা পানি নেই টিউবওয়েলগুলোয়। গত দুদিন আগে টিউবওয়েলে পাম্প করতে গিয়ে অসাবধানতাবশত হ্যান্ডেল ফসকে গিয়ে দাঁতে আঘাত লেগে আমার দুটি দাঁত ভেঙে গেছে। পাড়ার মধ্যে শুধু একটি তারা পাম্প থেকেই পানি উঠছে। গোটা পাড়ার সব মানুষই এ তারা পাম্প থেকে পানি নেওয়ায় খাওয়ার পানির জন্য সারা দিন তাঁদের পাম্পে অপেক্ষা করতে হয়। পানির এ অবস্থা চলতে থাকলে খাওয়ার পানির জন্য পুকুর-ডোবার পানি ব্যবহার করতে হবে।’ সরেজমিনে দেখা যায়, গ্রামের ডোবাগুলোতে পানি নেই। সেচের পানি দিয়ে গরু-ছাগল গোসল করানো হচ্ছে। আবার ওই পানিতেই মানুষ সারছে গোসলের কাজ। আশপাশের বাড়ির বিভিন্ন কাজে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছে এ পানিই। উপজেলা সদরের বাসিন্দা কলেজ শিক্ষক আবদুুল মান্নান (৪৫) বলেন, ‘প্রায় ১৫ দিন ধরে আমার টিউবওয়েল এবং পানির পাম্পে এক ফোঁটা পানি উঠছে না। আশপাশের বাড়িগুলোতে একই অবস্থা । প্রতিদিন নিজে এবং মাঝেমধ্যে কাজের লোকজন দিয়ে বাড়ি থেকে দূরে তারা পাম্প থেকে পানি জোগাড় করি। এভাবে আর কত দিন চলে, তাই বাধ্য হয়ে টিউবওয়েলের মিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করে প্রায় দুই হাজার টাকা খরচ করে টিউবওয়েলে ভার্টিক্যাল লাগিয়ে পানির ব্যবস্থা করেছি।’ পানির সমস্যায় জর্জরিত উপজেলার খাগড়া গ্রামের মর্জিনা বেগম (৪৩) বলেন, ‘খাওয়ার পানির জন্যি আগে কোনো দিন বাড়িত থ্যাকা দূরে শ্যালোর পানির জন্য ছুটে যায়নি। কিন্তু জীবন বাঁচানোর জন্যি একন তাই করা লাগিচ্চে।’তালোড়ার ফাঁপোর হিন্দুপাড়ার আরতী রানী দাস (৩৫) বলেন, ‘বাড়ির টিউবওয়েল থেকে যে পানি তোলা যায় তা খুবই কম। এই কম পানি দিয়ে বাড়ির রান্না-বান্নার কাজ চলে না। তাই পানির জন্য ছুটতে হয় সেচ নালার কাছে। এভাবেই চলছে মাসখানিক।’গোবিন্দপুর ইউনিয়নের চন্দ্রদিঘী গ্রামের মনোয়ার হোসেন (৩৪) বলেন, ‘আমার গ্রামসহ আশপাশের কোনো গ্রামের টিউবওয়েলে পানি নেই। গ্রামের অবস্থাশালী মানুষ টাকা-পয়সা খরচ করে টিউবওয়েলে ভার্টিক্যাল বসিয়ে পানি তোলার ব্যবস্থা করছে। কিন্তু এ ব্যবস্থা করতে বেশ খরচ হয়, তাই সব বাড়িই এ কাজ করতে পারছে না। গ্রামের আশপাশের শ্যালো (সেচ) মেশিনের পানিই এখন সম্বল। আর গরিব মানুষ পুকুর-ডোবার পানি ব্যবহার করায় গ্রামে রোগবালাই বেশি হচ্ছে।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজাল হোসেন তরফদার বলেন, ‘পানির কারণে এক-দুই মাস ধরে পেটের অসুখের রোগীর সংখ্যা খুব বেশি। গ্রামের লোকদের ফুটানো পানি খাওয়ার জন্য পরামর্শ দিতে আমরা স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের নির্দেশ দিয়েছি।’উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদত জামান বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। তবে একটু বৃষ্টি-বাদল হলে এ অবস্থার উন্নতি হবে। তবে যাদের সামর্থ্য আছে তাদের টিউবওয়েলে ভার্টিক্যাল সংযোজনের পরামর্শ দিয়েছি। এ উপজেলায় প্রায় এক হাজার ৪০০ তারা পাম্প আছে। এগুলোর মধ্যে প্রায় ২০০ তারা পাম্প বর্তমানে অকেজো। এসব অকেজো তারা পাম্প পুনরায় মেরামতের জন্য উপজেলা পরিষদে প্রস্তাব করা হয়েছে। এগুলো মেরামত করা হলে গ্রামের লোকজন খাওয়ার পানি সুবিধা পাবে।