দুপচাঁচিয়ায় মাদকের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া পৌর এলাকাসহ গোটা উপজেলায় এখন মাদকের ছড়াছড়ি। পৌর এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় অবাধে বিক্রি হচ্ছে মাদকসামগ্রী। এ ছাড়া হোমিওপ্যাথিক দোকান ও ওষুধের দোকানগুলোয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট বিক্রি করা হয়ে থাকে। আর মাদকের ছোবলে বিপথগামী হচ্ছে এলাকার তরুণ ও যুবসমাজ। মাদকাসক্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে প্রতিদিন।পৌর এলাকার শহরতলার সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম কায়কোবাদ বলেন, ‘মাদকাসক্ত হয়ে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। মাদকদ্রব্য কেনার টাকা না পেয়ে এসব যুবক চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। গত কয়েক মাসে চুরির সংখ্যা বেড়েই চলেছে। দুই মাস আগে আমার বাড়িতেও চুরি হয়েছে।’ তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে যারা কথা বলবে, তারাই মাদকাসক্ত। প্রশাসন এ কারণেই মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে না।দুপচাঁচিয়া সদরের তেমাথার বাসিন্দা ও বাজার জামে মসজিদের সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘আমার বাড়ির নির্মাণকাজ করার জন্য রাস্তার পাশে বালু রাখায় মাদকসেবীরা ওই বালুর ঢিবির মধ্যে ফেনসিডিলের খালি বোতল রেখেছে। আমরা জনপ্রতিনিধিদের কাছ থেকে কিছুই চাই না। অন্ততপক্ষে তাঁরা মাদক নির্মূলের জন্য মাদকবিরোধী কমিটি করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো দরকার।’ তালোড়া ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবদুল মালেক সরদার বলেন, তাঁর ইউনিয়নের রেলঘুমটি, খাদ্যগুদাম, গার্লস স্কুলের পেছনের শ্মশানঘাট ও কলেজের পেছনের স্বর্গপুরের রাস্তায় সন্ধ্যার পর যুবকেরা নেশা করে থাকে। তাদের কারণে বাসাবাড়ি ও চাতালে বিভিন্ন সময় চুরি হয়। এ ব্যাপারে প্রতি মাসেই উপজেলা আইনশৃঙ্খলা সভায় অবহিত করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলাম জানান, গত রমজান মাসে চৌধুরীপাড়ায় একই রাতে সাতটি বাড়িতে মোবাইল ফোনসেটসহ ব্যবহারের জিনিসপত্র চুরি হয়েছিল। কয়েকজন হেরোইনখোরকে আটক করে মারধর করার পর তারা চুরি হওয়া মোবাইল ফোনসেট ফেরত দিয়েছিল।দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌর এলাকায় বিভিন্ন মহল্লায় মাদক বিক্রি ও নেশা চলে। এ ব্যাপারে মহল্লাবাসী অভিযোগ করেছে বেশ কয়েকবার। বিগত সময়ে মেয়র থাকা অবস্থায় ওয়ার্ডে ওয়ার্ডে মাদকবিরোধী কমিটি করে সভা-সমাবেশ করেছি। এতে মাদকাসক্তদের অত্যাচার অনেকাংশে কমে গিয়েছিল। আবারও এ ধরনের মাদকবিরোধী কমিটি করে মহল্লায় মহল্লায় গণসচেতনতা বাড়াতে হবে।’দুপচাঁচিয়ার উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল বলেন, ‘ক্ষমতা গ্রহণের এক বছর পার হলেও আমাদের ক্ষমতার দৌড় কতদূর, সেটাই আজ পর্যন্ত নির্ধারণ হয়নি। তার পরও এলাকার মানুষ হিসেবে মাদকবিরোধী অভিযান চালানোর জন্য পুলিশ কর্মকর্তাদের বলব।’থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমি এ থানায় যোগদানের পর পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালানোয় সমস্যা কিছুটা কমেছে। তার পরও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার লোকজন নিয়ে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সোচ্চার না হলে পুলিশের পক্ষে একা এ সমস্যা রোধ করা সম্ভব নয়।’