দুপচাঁচিয়ায় মাধ্যমিক পর্যায়ে কমছে মেয়েদের শিক্ষার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপচাঁচিয়া উপজেলায় মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষার হার ক্রমেই হ্রাস পাচ্ছে। গত ২০০৭ সালের অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের তুলনায় এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মেয়েদের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এবার এসএসসি পরীক্ষায় ২৫টি বিদ্যালয় থেকে ৪২৯ জন নিয়মিত পরীক্ষার্থী (ছাত্রী) অংশগ্রহণ করেছে। এসব মেয়ে (ছাত্রীরা) ২০০৭ সালে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করত। সে সময় অষ্টম শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় ৩৫টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৯৫ জন মেয়ে (ছাত্রী) অংশ নিয়েছিল। এসব মেয়ে ২০০৮ সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৬১ জন ছাত্রী রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন (নিবন্ধন) করেছিল। এসব মেয়ের মধ্যে ৩৭১ জন উপবৃত্তি পেত। ২০০৮ সালে এ উপবৃত্তির পরিমাণ ছিল দুই লাখ ৬৭ হাজার ১২০ টাকা এবং এসব উপবৃত্তিপ্রাপ্ত মেয়েদের বই কেনার জন্য টাকার পরিমাণ ছিল ৯২ হাজার ৭৫০ টাকা।তালোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম বলেন, তাঁর বিদ্যালয় থেকে ২০০৮ সালে নবম শ্রেণীতে ৫৬ জন মেয়ে (ছাত্রী) রেজিস্ট্রেশন করেছিল। এদের মধ্যে ৪১ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। মেয়েদের শিক্ষিত করার জন্য সরকার মেয়েদের উপবৃত্তি দিচ্ছে। তার পরও মাঝেমধ্যে পরীক্ষার সময় মেয়েদের অনুপস্থিত লক্ষ করে তাদের বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় মেয়ের বিয়ে হয়েছে।ওই বিদ্যালয়ের ঝরে পড়া মেয়ে (ছাত্রী) মেঘা গ্রামের পারভিন আক্তারের বাবা মেছের আলী বলেন, ‘আমার মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিত। গরিবের ঘরের মেয়েকে বেশি পড়ায়ে লাভ কী! তাই ভেবে ভালো ছেলের খোঁজ পেয়ে মেয়েকে বিয়ে দিয়েছি।’দুপচাঁচিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, মেয়েদের শিক্ষিত করার জন্য সরকার উপবৃত্তি, বিনা মূল্যে বই বিতরণ, ছাত্রীদের সংখ্যার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সাহায্য দেওয়ার পরও মেয়েদের উচ্চশিক্ষা আশানুরূপ হচ্ছে না। বিশেষ করে কম বয়সে বিয়ে, সামাজিক প্রতিবন্ধকতাই এ জন্য দায়ী।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টি এম আবদুল হামিদ বলেন, ‘আমরা মেয়েদের শুধু উপবৃত্তি দিয়েই থাকি না। অভিভাবকদের সচেতন করার জন্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির (এসএমসি) সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। তার পরও ঝরে পড়া রোধ করা যাচ্ছে না।’