দুপচাঁচিয়ায় সেচ পাম্প পুড়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না থাকায় এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে সেচ পাম্প নষ্ট হয়ে যাচ্ছে। এতে ইরি-বোরো মৌসুমে জমিতে ঠিকমতো পানি দিতে পারছেন না সেচ পাম্পের মালিকেরা। ফলে দুপচাঁচিয়া উপজেলার অধিকাংশ এলাকায় জমিতে পানির সংকট দেখা দিয়েছে। এতে ইরি-বোরো মৌসুমে ফসল নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকেরা।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এবার ইরি-বোরো মৌসুমের শুরুতেই ধানের চারার সংকট দেখা দিয়েছিল। তার পরও কৃষকেরা অধিক মূল্যে চারা কিনে রোপণ করেছেন। এ মৌসুমের শুরুতেই ঘন ঘন লোডশেডিংয়ে প্রতিদিনই বিভিন্ন এলাকায় অগভীর নলকূপগুলো পুড়ে যাচ্ছে। বৃষ্টি না থাকায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় অগভীর নলকূপগুলো পানি তুলতে পারছে না। সেচপাম্পের মালিকেরা ৮-১০ ফুট মাটি গভীর করে অগভীর নলকূপ বসিয়ে পানি তোলার ব্যবস্থা করছেন। উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তালোড়ার কইল, মেঘা, দেবখণ্ড, দেবরাশন, বালুকাপাড়া, গোবিন্দপুরের খেহালী, ধারশুন, আশুঞ্জা, কুচপুকুরিয়া, মোড়গ্রাম, বেলোহালী, জিয়ানগরের সোনারপাড়া, বানিয়াদিঘি, জিয়ানগর, খলিশ্বর, চামরুলের আটগ্রাম, খুনিহারা, মোস্তফাপুর, পোথাট্টি ও বেরুঞ্জ গ্রামের অগভীর নলকূপগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সব এলাকায় প্রায় সময়ই সেচ পাম্প বন্ধ থাকায় খেতে পানি সরবরাহ কমে যাচ্ছে। ফলে জমিতে পানির সংকট দেখা দেবে বলে কৃষকেরা আশঙ্কা করছেন। এ ছাড়া বিভিন্ন গ্রামের টিউবওয়েলে পানি না ওঠায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে।দুপচাঁচিয়া অঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ বিভাগের অধীনে এই উপজেলায় গভীর নলকূপ ৩৪০টি ও অগভীর নলকূপ ৭২১টি চালু রয়েছে।জিয়ানগরের খলিশ্বর গ্রামের কৃষক আবদুস সোবহান বলেন, ‘অনেকদিন হলো হামাকেরে এলাকাত আকাশের পানি নাই। এবারের মতো এত খরা কোনো দিন দেকিনি। হামাকেরে গ্রামের প্রায় কলতই পানি উটিচ্চেনা। কলের পানি না থাকায় খাওয়ার পানি অনেক দূরের থ্যাকা আনা লাগিচ্চে। এ অবস্থা বেশি দিন চললে পানির অভাবে মরা লাগবে।’ধারশুন গ্রামের গভীর নলকূপের ম্যানেজার সেকেন্দার আলী বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ যাবার ফলে আমরা ডিপটিউবওয়েল ঠিকমতো চালাতে পারছি না। গত এক সপ্তাহ আগে আমার ডিপের মোটর পুড়ে গিয়েছিল। এতে জমিতে পানি দেওয়া বন্ধ ছিল এক সপ্তাহ। আমার ডিপের অধীনে প্রায় তিন শ বিঘা জমিতে পানি দেওয়া হয়। ডিপের মোটর পোড়ায় জমিতে ঠিকমতো পানি দেওয়া সমস্যা হয়ে পড়েছে।’আশুঞ্জা গ্রামের কৃষক আজাহার আলী বলেন, ‘৮-১০ দিন যাবৎ আমার শ্যালোমেশিনে পানি উঠছে না। উপায়ান্তর না পেয়ে মাটি খুঁড়ে ১০ ফুট নিচে গিয়ে শ্যালোমেশিন বসিয়ে পানি তোলার ব্যবস্থা করেছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা ফয়েজ উদ্দিন জানান, ঠিকমতো বিদ্যুৎ না থাকায় সেচ পাম্পগুলো ধানখেতে পানি দিতে পারছে না। এতে ফসল নষ্ট হবে।দুপচাঁচিয়া বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (আরই) রফিকুল ইসলাম বলেন, ‘আমার উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ অর্ধেক। আবাসিক এলাকা ও মিলকারখানার মালিকদের কম বিদ্যুৎ ব্যবহার করার জন্য বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপর যতটুকু বিদ্যুৎ সরবরাহ আছে, তাতে শ্যালো ও ডিপটিউবওয়েলের পানি সরবরাহে সমস্যা হবার কথা নয়।’