দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত
বগুড়া-নওগাঁ সড়কের চন্দ্রদীঘিতে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে দুটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন ছাত্র নিহত হয়েছেন।নিহত ছাত্ররা হলেন ফারহান টনি (২০) ও পিয়াস (২০)। দুর্ঘটনায় রেদওয়ানা পারভীন (১৮) নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানান, নওগাঁ শহর থেকে দুটি মোটরসাইকেলের একটিতে ফারহান টনি, তাঁর স্ত্রী রেদওয়ানা পারভীন এবং আরেকটি মোটরসাইকেলে পিয়াস ও শুভপ্রিয় মজুমদার নামে আরও একজন বগুড়ার দিকে যাচ্ছিলেন। চন্দ্রদীঘিতে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই ফারহান টনি নিহত হন। তাঁর স্ত্রী রেদওয়ানা পারভীন এবং পিয়াসকে আহত অবস্থায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিত্সক পিয়াসকে মৃত বলে ঘোষণা করেন। রেদওয়ানা পারভীনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক অসীম বলেন, পিয়াস বুকে আঘাত পেয়ে মারা গেছেন।