দুপচাঁচিয়ায় ১৪৪ ধারা
দুপচাঁচিয়ার তালোড়া সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ মাঠে একই দিন তাফসির মাহফিল ও স্থানীয় ছাত্রলীগ সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার আজ বৃহস্পতিবার এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় কলেজ মাঠে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা এই ১৪৪ ধারা কার্যকর থাকবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ মাঠে আজ ও কাল শুক্রবার তাফসির মাহফিলের জন্য কলেজ কর্তৃপক্ষের অনুমতি নেয় তালোড়া আদর্শ যুব সংঘ। সেই অনুযায়ী সংগঠনটি প্রস্তুতিও শুরু করে। অপরদিকে একই স্থানে তালোড়া ইউনিয়ন ছাত্রলীগের আলোচনা সভা ও কর্মী সমাবেশ করার জন্য ছাত্রলীগের নেতারা কলেজের অধ্যক্ষ ও উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। এতে তাফসির মাহফিলের আয়োজক ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তালোড়া আদর্শ সংঘের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ইসমাইল হোসেন বলেন, ‘বিগত ১২ বছর ধরে ওই কলেজ মাঠে আমরা তাফসির মাহফিল করে আসছি। এবারও তাফসির মাহফিল করার জন্য প্রায় এক মাস আগে কলেজের অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু হঠাত্ করে প্রশাসনের এ ধরনের নিষেধাজ্ঞায় আমরা হতভম্ব।’ তালোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল সরদার বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতারা আদর্শ সংঘের নামে তাফসির মাহফিলে গত বছর কোরআনের কথা না বলে বর্তমান সরকার ইসলামবিরোধী কর্মকাণ্ড করছে বলে প্রচার করেছিল। তাই এ ধরনের মাহফিল বন্ধ করতে আমরা ওই স্থানে কর্মী সম্মেলন আহ্বান করেছি।’