দুপুর গড়ানোর আগেই সব শেষ!
ওয়েস্ট ইন্ডিজ: ৩৫৫ ও ৩৮৩/৫ (ডি.)বাংলাদেশ: ২৩১ ও ২৭৮ফল: ওয়েস্ট ইন্ডিজ ২২৯ রানে জয়ীপঞ্চম দিন চা-বিরতির আর পৌনে এক ঘণ্টামতো বাকি। এটুকু সময় কাটিয়ে দিতে পারলে থাকবে শুধু শেষ সেশনটা। পারবে না বাংলাদেশ ড্র করতে? হাতে তো এখনো ৪ উইকেট আছে।আগের দিন ৮২ রানে অপরাজিত তামিম ১৩৬ রান করে আউট হয়ে গেছেন। সাকিবও আউট সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৬ রান করে। তবে আস্থার প্রতীক হয়ে অধিনায়ক মুশফিকুর রহিম এখনো আছেন। নাঈমটা থাকলে ভালো হতো। আবারও যে রানআউট হয়ে গেলেন! তবে মুশফিকের সঙ্গে নাসির আছেন। এর পর তিন বোলার, ওঁরাও একটু-আধটু ব্যাটিং করতে পারেন। সবাই মিলে পারবেন না বাংলাদেশকে জয়ের সমান এক ড্র উপহার দিতে!আহা, ঢাকা টেস্টের চিত্রনাট্যটা যদি এভাবে লেখা হতো! কিন্তু খেলা তো নাটক-সিনেমা নয়। এখানে চিত্রনাট্যটাও কুশীলবদেরই লিখতে হয়। কষ্ট করে লিখতে হয়। ঘোরতর বাস্তব এসে তাই শুরুর অনুচ্ছেদটাকে স্বপ্নদৃশ্য বানিয়ে দেয়! চোখে জ্বালা ধরায় দুপুর দেড়টার দিকে মিরপুর স্টেডিয়ামে বাস্তবের কিছু টুকরো টুকরো ছবি—ছবি—১: মাঠে বাংলাদেশের ব্যাটসম্যানরা সব অর্ধবৃত্তাকার হয়ে দাঁড়িয়ে। শিবনারায়ণ চন্দরপল ১৩৫ টেস্টের অভিজ্ঞতা থেকে টেস্ট ব্যাটিংয়ের অ-আ-ক-খ ব্যাখ্যা করছেন। তামিম-ইমরুল-শাহরিয়াররা সব মনোযোগী শ্রোতা।ছবি—২: ‘চন্দরপলের ক্লাস’ থেকে ১০-১২ গজ দূরে সিরিজ আয়োজনের দায়িত্বে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও স্বেচ্ছাসেবীরা মাঠে দাঁড়িয়ে সোল্লাসে গ্রুপ ছবি তুলছেন।ছবি—৩: সংবাদ সম্মেলন সেরে হাতে ট্রফি এবং মুখে চওড়া হাসি নিয়ে ড্যারেন স্যামি ড্রেসিংরুমে ঢুকছেন। হঠাৎ ঘুরে হাত নেড়ে বললেন, ‘গুডবাই, মিরপুর!’পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন এরও আধা ঘণ্টা আগে। ম্যাচ শেষ মধ্যাহ্নবিরতির ঠিক আধা ঘণ্টা পর। দুপুর ১২টা ৪০ মিনিটে। বিরতির সময় রান ৬ উইকেটে ২৬৩। আবার খেলা শুরু হওয়ার ৭.২ ওভারের মধ্যেই বাকি ৪ উইকেট নেই। পঞ্চম দিনের উইকেটে দেবেন্দ্র বিশুর মতো লেগ স্পিনারকে নাঈম-নাসিরদের কাছে হিব্রু ভাষার মতো দুর্বোধ্য লাগাটাই তো স্বাভাবিক। তবে তখন তো আসলে ‘আর কতক্ষণ’ প্রশ্নটা নিয়ে শুধু আনুষ্ঠানিকতাটুকুই বাকি ছিল। বাংলাদেশ দল চরিত্রবিরোধী কিছু করে ফেলবে, এই আশা তো লাঞ্চের আগেই তিরোহিত।জয়ের স্বপ্ন যাঁরা দেখেছিলেন, টেস্ট ক্রিকেট ব্যাপারটা তাঁরা ঠিক বোঝেন না। তবে ড্রয়ের আশা যাঁরা করেছিলেন, তাঁদের এই অপবাদ প্রাপ্য নয়। কাজটা কঠিন ছিল, কিন্তু অসম্ভব অবশ্যই নয়। চতুর্থ দিন বিকেলে প্যাড পরে ব্যাটিং করতে নামার অপেক্ষায় থাকা ব্যাটসম্যান যথার্থই বলেছিলেন, ‘এখানে ব্যাটসম্যান উইকেটে থাকতে চাইলে আউট করা কঠিন। চাইলে লম্বা সময় ব্যাটিং করা সম্ভব।’ওই ‘চাইলে’ শব্দটাই কাল বড় একটা প্রশ্নের জন্ম দিল। সাকিব আল হাসান কি সত্যিই লম্বা সময় ব্যাটিং করতে চেয়েছিলেন? যদি চেয়েও থাকেন, মাত্র ৮৮ মিনিট আয়ু পাওয়া তাঁর ইনিংসে এর কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। স্ট্রোক খেলতে ভালোবাসেন, এটা সবাই জানে। কিন্তু বড় খেলোয়াড়েরা পরিস্থিতির দাবি অনুযায়ী নিজেদের খেলা বদলে নিতে জানেন। সাকিব বড় খেলোয়াড়, এ নিয়ে কোনো সংশয় নেই বলেই এই প্রশ্ন তাঁকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। শুরু থেকেই যেন ৫০৮ সম্ভব ভেবে খেলে গেলেন। দর্শনীয় কিছু শট খেলে গ্যালারি থেকে ‘সাকিব, সাকিব’ স্লোগানও তুললেন। ৭০ বলে ৫৫—দেখতে খুব ভালো। কিন্তু পরিস্থিতির দাবি তো দেখনদারি ৫০-৬০ দাবি করছিল না, দাবি ছিল অনেকটা সময় খেয়ে নেওয়া ‘কুৎসিত ৫০-৬০’। অথচ সাকিব অফ স্টাম্পের বাইরে টুটাফাটা উইকেটে পড়া বিশুর বল প্রবল ঝুঁকি নিয়েও সুইপ করে গেলেন। লফটেড ড্রাইভ খেলতে গিয়ে মিড অন ফিল্ডারের ক্যাচ হতে হতে বেঁচে গেলেন একবার। ষোলোকলা পূর্ণ করলেন বিচিত্র এক শট খেলে আউট হওয়ার মাধ্যমে।স্যামির বলে ব্যাট ঘুরিয়ে যে শটটি খেললেন, সেটির কী নাম—এ এক বিষম ধাঁধা। কোনাকুনি শর্ট বলটা আড়াআড়ি ব্যাটে অনসাইডে খেলার চেষ্টাটাকে ক্রিকইনফোর কমেন্ট্রিতে ‘প্যাডল’ বলা হচ্ছে, আসলে এটির নাম হওয়া উচিত ‘নাথিং শট!’ টপ এজ হয়ে বল উঠে গেল অফ সাইডে। স্লিপ থেকে দৌড়ে এসে চন্দরপল যেন ক্যাচ নয়, সাকিবের দেওয়া ‘ঈদ উপহার’ দুহাত পেতে নিলেন।ক্রিকেট কখনো কখনো খুব নিষ্ঠুর। নইলে প্রথম ইনিংসে ৫ উইকেটের সঙ্গে জোড়া ফিফটি, পরাজিত দলে থেকেও সিরিজ-সেরার স্বীকৃতি পাওয়ার পরও কেন সব ছাপিয়ে বড় হয়ে উঠবে সাকিবের ওই আত্মহত্যা! কেন বাংলাদেশের ড্রয়ের আশা দূর নীলিমায় মিলিয়ে যাওয়ার দুঃখের দায়ভার সাকিবের ওপরই সবচেয়ে বেশি বর্তাবে!ওভাবে আউট হয়ে প্রিয় বন্ধু তামিম ইকবালের একটা উপকার অবশ্য করেছেন। তামিমের ‘অপরাধ’টা গৌণ হয়ে গেছে! পরিস্থিতি অনুযায়ী খেলা বদলে ফেলার ক্ষমতা যে তাঁর আছে, চতুর্থ দিন বিকেলেই তামিম এর প্রমাণ দিয়েছিলেন। ৭৮ বলে ৬৬ রান করে ফেলার পর পরের ৭১ বলে মাত্র ১৬ রান করে। সেই তামিম কাল তৃতীয় ওভারেই কেন ‘আর না মারলে চলছেই না’ ভেবে বিশুকে বাইরে বেরিয়ে উড়িয়ে দিতে চাইলেন, কে দেবে এ প্রশ্নের উত্তর? ক্রিজে থাকলে হয়তো হাফ ভলিই পেতেন। বাইরে বেরিয়ে বলটাকে ফুলটস বানানোর চেষ্টা স্লিপে ক্যাচ হয়ে গেল। সেঞ্চুরির সুবাস গায়ে মেখে রাত কাটানো তামিম আগের দিনের স্কোরের সঙ্গে যোগ করতে পারলেন মাত্র ১ রান।তামিম-সাকিব ড্রেসিংরুমে ফেরার পরই ম্যাচের ভাগ্য প্রায় লেখা হয়ে গিয়েছিল। ‘প্রায়’ শব্দটাও হারিয়ে গেল লাঞ্চের ১০ বল আগে মুশফিকুরের বিদায়ে। তবে বিবেচনাবোধের অভাবের দায়ে অন্তত তাঁকে অভিযুক্ত করা যাচ্ছে না। বিশুর দুর্দান্ত লেগ ব্রেকটা সামনে গিয়ে খেললে হয়তো সেটি এমন প্রাণঘাতী না-ও হতে পারত। তবে এটি ক্রিকেটীয় ভুল। অন্যদের মতো দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় নয়।ব্যাটিংয়ে করণীয় কাজটা জানা থাকার পরও তা করতে না পারার যথার্থ ব্যাখ্যা বোধহয় দায়িত্বজ্ঞানহীনতাও নয়। এর সঙ্গে জড়িয়ে আরও অনেক কিছু। শৃঙ্খলা, মনঃসংযোগ ধরে রাখার ক্ষমতা—সর্বোপরি গোছানো মন।ওই গোছানো মনটাও দীর্ঘদিনের অভ্যাসে তৈরি হয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের ওই অভ্যাসটা হলো কোথায়! হয়নি বলেই ম্যাচ বাঁচানোর সম্ভাবনায় পুরো দেশের যখন শিহরিত সময় কাটানোর কথা, তখন মিরপুর স্টেডিয়াম এমন ভাঙা হাট!