দুপুর ২টায় বিটিভির খবর বেসরকারি চ্যানেলে প্রচারের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর দুইটার সংবাদ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী এ আহ্বান করেন।তবে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকে এ ব্যাপারে বৈঠকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আজ বৃহস্পতিবার চ্যানেল মালিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে তাঁদের সিদ্ধান্ত জানানোর কথা বলেছেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে বর্তমানে চালু থাকা দেশের ১৩টি বেসরকারি চ্যানেলকে বিটিভির দুপুর দুইটা ও রাত আটটার সংবাদ সরাসরি সম্প্রচার করতে বলা হয়। এ বিষয়ে আলোচনার জন্য গতকাল তথ্যমন্ত্রীর সঙ্গে চ্যানেল মালিকদের এ বৈঠক হয়। বৈঠকে চ্যানেল মালিকদের আপত্তির মুখে বিটিভির রাত আটটার সংবাদ প্রচারের বিষয়টি আপাতত স্থগিত করা হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি।চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ সাংবাদিকদের বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। আটটার সংবাদ প্রচারের বিষয়ে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা থেকে সরে আসা হবে বলে মনে হচ্ছে। তারা দুইটার সংবাদ প্রচারের অনুরোধ জানিয়েছে। আমরা সময় চেয়েছি। বেসরকারি চ্যানেল মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবার আমরা সিদ্ধান্ত জানাব।’বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল প্রথম আলোকে বলেন, আপাতত বিটিভির দুপুর দুইটার সংবাদ বেসরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচারের জন্য তথ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে তাঁর সঙ্গে আলোচনা করে রাত আটটার সংবাদ সম্প্রচারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তথ্যমন্ত্রী বৈঠকে জানিয়েছেন।এটিএন বাংলার প্রধান উপদেষ্টা সাইফুল বারী বলেন, সরকারের এমন সিদ্ধান্ত বেসরকারি চ্যানেলগুলোকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সরকার নিজেও এতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, সংবাদ প্রচারের সময় দর্শকেরা বিদেশি চ্যানেলমুখী হবে। এ ছাড়া সংবাদ নিয়ে দর্শকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। কারণ, সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোর দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে।একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, বিটিভির টেরিস্ট্রিয়াল ব্যবস্থা থাকা সত্ত্বেও বেসরকারি চ্যানেলগুলোকে তাদের সংবাদ প্রচারে বাধ্য করার বিষয়টি কতটা যৌক্তিক তা ভাবা উচিত।