দুপুরের আগেই ট্রেনের টিকিট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও পূজার ছুটি যতই এগিয়ে আসছে, রাজধানীর কমলাপুরে ট্রেনের টিকিটপ্রত্যাশীদের সারি ততই দীর্ঘ হচ্ছে। তবে প্রতিদিন সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রির কথা থাকলেও আজ রোববার দুপুর ১২টার আগেই কাউন্টারগুলো থেকে টিকিট নেই বলে জানিয়ে দেওয়া হয়।গতকাল শনিবারের তুলনায় আজ এ সংখ্যা প্রায় দ্বিগুণ। টিকিটপ্রত্যাশী ব্যক্তিদের অনেকেই গতকাল সন্ধ্যা থেকে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছিলেন। তাঁরা গভীর রাত থেকেই টিকিটের জন্য সারিতে দাঁড়িয়ে ছিলেন। এত দুর্ভোগের পরও অনেককে টিকিট ছাড়া খালি হাতে ফিরতে হয়েছে। আবার অনেকে চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।কমলাপুর রেলস্টেশনে অপেক্ষমাণ টিকিটপ্রত্যাশীরা অভিযোগ করেছেন, কাউন্টারগুলো থেকে যে পরিমাণ টিকিট বিক্রি করার কথা, তারা তা করছে না। তা ছাড়া টিকিটের মূল্যবৃদ্ধির ব্যাপারেও তাঁরা ক্ষোভ জানিয়েছেন। মুরাদুল ইসলাম নামের এক যাত্রীর অভিযোগ, তিনি গতকাল বিকেল পাঁচটা থেকে কমলাপুর রেলস্টেশনে অবস্থান করেও কেবিনের টিকিট পাননি। অবশেষে বাধ্য হয়ে চেয়ার কোচের চারটি টিকিট কিনেছেন তিনি।আল আমিন নামের অপর এক যাত্রী অভিযোগ করে বলেন, কাউন্টার থেকে টিকিট কম দেওয়া হচ্ছে। আর এ জন্য দেখানো হচ্ছে নানা অজুহাত।তবে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার খায়রুল বশির দাবি করেছেন, টিকিট একেবারে না থাকার অভিযোগ ঠিক নয়। তিনি বলেন, ‘যাত্রীর তুলনায় টিকিট কম। আমরা তো সবাইকে সন্তুষ্ট করতে পারব না।’ টিকিট বিক্রির ক্ষেত্রে কোনো কালোবাজারি নেই বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, ২৩ অক্টোবরের টিকিট বিক্রি করা হয় আজ।