‘শ্বাসকষ্ট তো আর সময় দেখে হয় না! তাই দুপুরের পর শ্বাসকষ্ট শুরু হলে ভয়ে গা ঠান্ডা হয়ে যায়। কারণ জোহরের নামাজের পর হসপিটালে কুনো ডাক্তার পাওয়া যায় না।’ উদ্বেগ নিয়ে কথাগুলো বলেন বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শ্বাসকষ্টের রোগী তৈয়ব আলী (৬৭)। তাঁর পাশের বিছানায় ভর্তি হওয়া পেঈইন গ্রামের এ কে আজাদ সেন্টু জানান, চিকিৎকদের দেখা পাওয়া দায়। ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক ওয়ার্ডে আসেন মাত্র কয়েক মিনিটের জন্য। বাকি সময় নার্সরাই ভরসা।পারবাগডম গ্রাম থেকে বহির্বিভাগে আসা স্কুলশিক্ষক মিজানুর রহমান বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোরে ডাক্তারদের রোগী দেখার কথা। কিন্তু আমি দুপুর দেড়টায় এসেও কোনো ডাক্তার পাইনি। আমাকে আগামীকাল আবার আসতে হবি। এটা তো অন্যায়!’ চিকিৎসকদের দায়িত্ব অবহেলা নিয়ে রোগীদের এসব অভিযোগ বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নতুন কিছু নয়। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক চিকিৎসকসহ কোনো চিকিৎসকই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কোয়ার্টারে থাকেন না। এসব কর্মকর্তার কেউ নাটোর শহরে, কেউ থাকেন বনপাড়ায়। রোগীদের জরুরি প্রয়োজনে তাঁদের পাওয়া অসম্ভব, স্বয়ং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমানই হাসপাতাল চত্বরে বাস করেন না। তিনি ২৮ কিলোমিটার দূরের নাটোর শহর থেকে যাতায়াত করেন। আবাসিক চিকিৎসক রঞ্জন কুমার দত্ত বনপাড়ার একটি ক্লিনিকে নিয়মিত সনোলজিস্টের দায়িত্ব পালন করেন। সরকারি বিধি মোতাবেক আবাসিক চিকিৎসককে হাসপাতাল চত্বরে থাকা বাধ্যতামূলক। এ ব্যাপারে চিকিৎসক রঞ্জন বলেন, ‘আমাকে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক হিসেবে রাখা হয়েছে। তাই হাসপাতালের প্রয়োজন ছাড়া বাকি সময় নিজস্ব কাজ করি।’ তিনি জানান, তাঁর মতো এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মোস্তফা রীতিমতো বনপাড়ার একটি বেসরকারি ক্লিনিকের আবাসিক চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। মাত্র কয়েক ঘণ্টার জন্য তিনি বড়াইগ্রামে আসেন। বাকি নয় চিকিৎসকও পর্যায়ক্রমে সপ্তাহের ছয় দিন স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। চিকিৎসকদের মতো স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসামগ্রীর অবস্থাও শোচনীয়। এখানকার একমাত্র এক্স-রে মেশিনটি গত ছয় বছর ধরে নষ্ট হয়ে আছে। অপারেশন থিয়েটার থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এখানে অস্ত্রোপচার হয় না। জেনারেটরটিও দীর্ঘদিন ধরেই অকেজো। অ্যাম্বুলেন্স থাকলেও দায়িত্বরত চালকের অবহেলায় রোগীরা যথাযথ সেবা পান না।অবশ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুর রহমান দাবি করেন, সবকিছু নিয়মমাফিকই চলছে। হাসপাতাল চত্বরে না থাকায় কোনো সমস্যা হয় না। তিনি আরও বলেন, ‘চিকিৎসক ও চিকিৎসাসামগ্রীর যে সংকট রয়েছে, স্থানীয়ভাবে তা সমাধান সম্ভব নয়। এ ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করেছি। তাদের শুধু স্মরণ করিয়ে দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই।’