দুপুরের পর স্বাভাবিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষের চাপে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ শুক্রবার সকাল থেকে যানজট থাকলেও দুপুরের পর তা স্বাভাবিক হয়ে আসে। সকাল থেকে মহাসড়কের সূত্রাপুর এলাকা থেকে ভোগড়া বাইপাস এবং চন্দ্রা থেকে বাইপাইল পর্যন্ত থেমে থেমে অন্তত ৪০ কিলোমিটার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ঘরমুখো যাত্রীরা। তবে জয়দেবপুর-যমুনা সেতু ও জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনেও যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক প্রথম আলো ডটকমকে জানান, গতকাল বৃহস্পতিবার বেশির ভাগ শিল্পকারখানা এবং অনেক অফিস খোলা ছিল। কাজ শেষে সন্ধ্যার পর এসব প্রতিষ্ঠানের লোকজন বাড়ির উদ্দেশে রওনা হন। এতে রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে দুপুর দুইটার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মির্জাপুরের গোড়াই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়লে প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও কমে আসে।সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে শত শত যাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই সুযোগে যাত্রীবাহী বাস, লেগুনা ও ট্রাক বেশি ভাড়া আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।সকাল নয়টার দিকে একটি যাত্রীবাহী বাসের চালকের সহকারী শাহ আলম বলেন, ‘উত্তরার আবদুল্লাহপুর থেকে সকাল ছয়টায় রওনা হয়ে চন্দ্রা আসতেই প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।’একই অভিযোগ জানিয়ে হানিফ পরিবহনের যাত্রী শ্রমিক সাইফুল ইসলাম জানান, তাঁর বাড়ি রংপুরে। তিনি আশুলিয়ার বাইপাইল থেকে বাসে উঠেছেন সকাল নয়টায়। যানজট ঠেলে কালিয়াকৈর আসতে সময় লেগেছে প্রায় আড়াই ঘণ্টা। গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) পরিদর্শক সানোয়ার হোসেন জানান, চন্দ্রা এলাকা থেকে উভয় দিকে প্রায় ৪০ কিলোমিটার যানজট রয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে বলেন, মহাসড়কের আশপাশে অস্থায়ী পশুর হাট বসার পাশাপাশি বিভিন্ন বাসস্ট্যান্ডে বাসগুলো হঠাত্ থামিয়ে যাত্রী তুলছে। এ কারণেও এই যানজট সৃষ্টি হচ্ছে।