দুবলায় গণপিটুনিতে বনদস্যু নিহত
সুন্দরবন পূর্ব বিভাগের শুঁটকি পল্লি দুবলায় বনদস্যুদের চাঁদাবাজিতে অতিষ্ঠ জেলেরা রফিক মাস্টার নামের (৩৫) একজন যুবককে পিটিয়ে হত্যা করেছে। এ সময় তাদের হাতে আটক হয়েছে রফিকের আরও চার সহযোগী। তাদের কাছ থেকে দেশীয় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দুবলা জেলেপল্লির মাঝের কেল্লা এলাকায় এ ঘটনা ঘটে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো এবং দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব.) জিয়া উদ্দিন আহমেদ আজ বুধবার দুপুরে মুঠোফোনে এ প্রতিবেদককে জেলেদের হাতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।নিহত রফিকের লাশ এবং আটককৃতদের বাগেরহাটের শরণখোলা থানায় নিয়ে আসা হচ্ছে। তবে আজ দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের নাম জানা যায়নি।দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ জানান, নিহত রফিক সুন্দরবনের বনদস্যু জুলফিকার বাহিনীর অনুগত একটি উপদলের প্রধান। গতকাল রাত ১০টার দিকে ওই যুবকেরা চাঁদার দাবিতে দুবলা জেলেপল্লিতে হামলা চালালে জেলেরা সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিহত করে। এ সময় গণপিটুনিতে রফিক মারা যান এবং তাঁর চার সহযোগী আটক হয়। রফিকের আরও কয়েকজন সহযোগীর সন্ধানে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।