পাকিস্তানে সরকার-সেনাবাহিনী বিরোধ চরমে
দুবাই গেলেন জারদারি, শীর্ষ সেনা কমান্ডারদের বৈঠক
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ বৃহস্পতিবার এক দিনের পূর্ব নির্ধারিত সফরে দুবাই গেছেন। দেশটির স্থানীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এদিকে, বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে শীর্ষ সেনা কমান্ডাররা আজ নিজেদের মধ্যে বৈঠক করেছেন। সেনা সদরে অনুষ্ঠিত ওই বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র মেজর মুহাম্মদ আলী দয়াল।সম্ভাব্য সেনা অভ্যুত্থান বিষয়ে ‘গোপন চিঠি’ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে চরম উত্তেজনার মাঝেই আবারও দুবাই গেলেন জারদারি। এর কয়েক সপ্তাহ আগে চিকিত্সার জন্য তিনি দুবাই গিয়েছিলেন। ‘গোপন চিঠি’ কেলেঙ্কারির জের ধরে পাকিস্তানে বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর চলমান বিরোধের সূত্র ধরে দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুজব উঠেছে। শীর্ষ সেনা কমান্ডারদের আজকের বৈঠক ওই গুজবে নতুন মাত্রা যোগ করেছে। তবে দেশটির অধিকাংশ বিশ্লেষক বলছেন, সামরিক অভ্যুত্থানের ব্যাপারে সেনা প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির আগ্রহ কম। বরং সেনাবাহিনী চায়, সুপ্রিম কোর্টই সাংবিধানিক ক্ষমতা বলে এ সরকারকে বহিষ্কার করুক। এদিকে, গতকাল বুধবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ‘বড় ধরনের অসদাচরণের’ অভিযোগে দেশটির প্রতিরক্ষাসচিব সাবেক জেনারেল নাইম খালিদ লোদীকে বরখাস্ত করেছেন। তিনি সেনাবাহিনীর ঘনিষ্ঠ বলে পরিচিত। এর পরপরই সেনাবাহিনী এক বিবৃতিতে সরকারকে সতর্ক করে। গোপন চিঠি কেলেঙ্কারি তদন্তে সেনাবাহিনীপ্রধান জেনারেল আশফাক কায়ানি ও আইএসআই-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুজা পাশার আদালতে আবেদন করা বেআইনি হয়েছে—প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির এ মন্তব্যকে ‘সাংঘাতিক’ বলে আখ্যায়িত করেছে সেনাবাহিনী। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের মন্তব্য দেশকে কঠিন পরিণতির দিকে নিয়ে যেতে পারে।’ এদিকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের জরুরি অধিবেশন বসছে।মার্কিন কর্মকর্তাদের কাছে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে লেখা কথিত গোপন চিঠি নিয়ে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চরম দ্বন্দ্ব চলছে। গত অক্টোবরে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মনসুর ইজাজ ফাইন্যান্সিয়াল টাইমস-এ লেখা এক নিবন্ধে লেখেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের তত্কালীন রাষ্ট্রদূত হুসেইন হাক্কানি একটি গোপন চিঠি শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের কাছে পৌঁছে দিতে তাঁকে (ইজাজ) দায়িত্ব দেন। সেই চিঠিতে প্রেসিডেন্ট জারদারি পাকিস্তানের শীর্ষস্থানীয় জেনারেল ও গোয়েন্দা কর্মকর্তাদের সরিয়ে দিতে মার্কিন সহায়তা কামনা করেন। এতে আরও বলা হয়, ওই সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের ষড়যন্ত্র করছেন। তবে চিঠিতে কারও নাম বা স্বাক্ষর ছিল না। এ ব্যাপারে বিচার বিভাগীয় ও পার্লামেন্টারি তদন্ত কমিশন পৃথকভাবে তদন্তকাজ চালিয়ে যাচ্ছে।