দুবাই থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করছে মালয়েশিয়া
পদ্মা সেতু নির্মাণে নিজস্ব অর্থ নয়, দুবাই থেকে অর্থ আনবে মালয়েশিয়া। অর্থায়নকারীর সঙ্গে এখন সমঝোতা আলোচনা চালাচ্ছে তারা। প্রকল্পটির মূল প্রস্তাবদাতা মালয়েশিয়া সরকারের বিশেষ দূত এস সামি ভেলি বলেছেন, ‘পদ্মা সেতু প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান দুবাই থেকে একজন অর্থায়নকারী আনতে যাচ্ছে। দুই পক্ষের মধ্যে এখন সমঝোতা চলছে। আর মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের এই অর্থায়নকারীর পরিচয় ও তাদের অর্থ গ্রহণ সম্পর্কে কোনো আপত্তি নেই।’ বিশেষ দূতের এই উদ্ধৃতিসহ একটি সংবাদ সম্প্রতি মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনেমা প্রচার করেছে। দ্য মালয়েশিয়ান ইনসাইডার পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বিশেষ দূত আরও বলেন, ‘মালয়েশিয়ার প্রথম ও দ্বিতীয় পেনাং সেতু নির্মাণের সাফল্য দেখেছে বাংলাদেশ। এ সাফল্য দেখে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রস্তাবিত পদ্মা সেতুতে বিনিয়োগের বিষয়টি পর্যালোচনা করার জন্য আমাদের (মালয়েশিয়া) অনুরোধ করেন।’ তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘এক মাস ধরে আমরা বিষয়টি নিয়ে কাজ করেছি। শেষ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি নজিব রাজাকের অনুমতি নিয়ে বাংলাদেশ সরকারকে জানিয়েছি যে আমরা সেতুটি নির্মাণে প্রস্তুত আছি।’এস সামি ভেলি জানান, আশা করা হচ্ছে, মালয়েশিয়া সরকারের সঙ্গে সম্পৃক্ত অবকাঠামো নির্মাণকারী বড় প্রতিষ্ঠানগুলো (জিএলসি) এ প্রকল্পের সঙ্গে জড়িত হবে। আর এ বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে পর্যবেক্ষণে থাকবে। মালয়েশিয়ার সরকারের বিশেষ দূত আরও বলেন, এ সেতু নির্মাণ প্রকল্পটি মালয়েশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, এ প্রকল্পটি সারা বিশ্বের কাছে প্রমাণ করবে, মালয়েশিয়া পৃথিবীতে যেকোনো কিছু করার ক্ষমতা রাখে, বিশেষ করে অবকাঠামো খাতে।প্রতিবেদনে বলা হয়েছে, ৬৬০ কোটি রিঙ্গিত ব্যয় করে পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি হতে যাচ্ছে। দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতির সন্দেহে বিশ্বব্যাংক এ প্রকল্প অর্থ বিনিয়োগ স্থগিত করেছে। পাঠকের মন্তব্যে নানা সমালোচনা: দ্য মালয়েশিয়ান ইনসাইডার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটির ওপর ২১টি মন্তব্য করেছেন পাঠকেরা। অবকাঠামো খাতে সাফল্য সম্পর্কে মালয়েশিয়ার সরকারের বিশেষ দূতের দাবির সঙ্গে একমত হননি তাঁরা। পাঠকেরা বলছেন, প্রথম ও দ্বিতীয় পেনাং সেতু নির্মাণের কৃতিত্ব কোরিয়ার হুন্দাই কোম্পানি ও চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানির। এতে মালয়েশিয়া সরকারের খুব একটা কৃতিত্ব নেই। প্রতিবেদনটি সম্পর্কে কেন্নাথ নামের একজন পাঠক মন্তব্য করেছেন, ‘কবে থেকে আমরা সেতু নির্মাণে সফল? দ্বিতীয় পেনাং সেতু নির্মাণ করেছে চায়না হারবার!’ আরেক পাঠকের মন্তব্য, ‘প্রথম সেতুটি কোরীয়রা আর দ্বিতীয় সেতুটি চীনারা নির্মাণ করেছে। বাংলাদেশকে কোন সেতুটি আকৃষ্ট করেছে?’আহমেদ আলী তাঁর মন্তব্যে বলেছেন, ‘মালয়েশিয়া এখন পর্যন্ত কোনো মসৃণ সড়ক নির্মাণ করতে পারেনি। এখন মালয়েশিয়া সেতু বানাবে?’রুত্রা নামের একজন পাঠক বলেছেন, ‘এটি অর্থপ্রবাহের আরেকটি উপায়। মালয়েশিয়া সরকারের মাধ্যমে ঋণ নিয়ে খুব সম্ভবত এ প্রকল্পটি হচ্ছে। স্থানীয় কোম্পানিগুলোকে দুর্বৃত্তায়নের অর্থ পাচারের সুযোগ দেওয়া হচ্ছে। কেননা, এখানে এই অর্থ ব্যবহার করা কঠিন, তাই তৃতীয় বিশ্বের কোনো দেশে ব্যবহার করো।’মালয়েশিয়া সরকারের বিশেষ দূতের প্রতি আহ্বান জানিয়ে একজন পাঠক মন্তব্য করেন, ‘সারা বিশ্বের কাছে প্রমাণ করুন যে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার ভালো করছে।’ একজন পাঠক মন্তব্য করেছেন, মালয়েশিয়া কী ধরনের সেতু নির্মাণ করতে চায়? যেহেতু প্রথম ও দ্বিতীয় পেনাং সেতু নির্মাণ করেছে বিদেশিরা, এখানে কী হতে যাচ্ছে? কেন বাংলাদেশ সরাসরি চীনাদের সঙ্গে, বিশেষ করে চায়না হারবারের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে না?আইরাতা নামের একজন পাঠক মন্তব্য করেন, ‘মালয়েশীয়দের তৈরি স্টেডিয়াম ভেঙে পড়ে, ছোট নদীতে তৈরি সেতুও বিধ্বস্ত হয়ে বিপুল শিক্ষার্থী মারা যায়। এখন বাংলাদেশে কী হবে।’