চট্টগ্রাম বিমানবন্দর
দুবাইগামী যাত্রীর ব্যাগ থেকে ২০ ভরি স্বর্ণালংকার খোয়া যাওয়ার অভিযোগ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর ব্যাগ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও ৭০০ দিরহাম (দুবাইয়ের মুদ্রা) খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উম্মে সালমা নামের ওই যাত্রী দুবাই বিমানবন্দরে ব্যাগ পাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন এবং চট্টগ্রামে স্বজনদের জানান।জানা যায়, উম্মে সালমা প্রায় দুই মাস দেশে কাটিয়ে ২২ মে রাতে এয়ার এরাবিয়ার ফ্লাইটে করে স্বামী-সন্তান নিয়ে দুবাই যান। তাঁদের সঙ্গে পাঁচটি ব্যাগ ছিল এবং শাহ আমানত বিমানবন্দরে সেগুলো স্বয়ংক্রিয় তল্লাশি (স্ক্যানিং) করাও হয়। দুবাই পৌঁছে বিমানবন্দরে তাঁরা স্বর্ণালংকার ও দিরহাম থাকা ব্যাগটির তালা খোলা দেখেন। সন্দেহ হলে ব্যাগ খুলে তাঁরা স্বর্ণালংকার ও দিরহাম চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। বিষয়টি তাঁরা মোবাইল ফোনে চট্টগ্রামে আত্মীয়দের জানান। সালমার স্বামী নুরুল কবির দীর্ঘদিন ধরে দুবাইয়ে গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন।স্বর্ণালংকার ও দিরহাম খোয়া যাওয়ার ব্যাপারে উম্মে সালমার বাবা নুরুল আমিন ২৩ মে নগরের পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরের বহির্গমন শাখায় স্ক্যানিং মেশিনে একটি ব্যাগে স্বর্ণ শনাক্ত হয়। সেখানকার লোকজন পরে তা চুরি করে। তা না হলে পাঁচটি ব্যাগের মধ্যে যে ব্যাগে স্বর্ণ আছে শুধু সেটির তালা ভাঙা থাকবে কেন? বিষয়টি আমি জিডিতেও উল্লেখ করেছি।’ তিনি বলেন, বিদেশগামী আর কোনো যাত্রীর লাগেজ থেকে এভাবে যাতে মূল্যবান জিনিসপত্র খোয়া না যায় সে জন্য এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত।যোগাযোগ করা হলে শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার আনিসুল ইসলাম বলেন, ‘এয়ার এরাবিয়ার এক যাত্রীর ব্যাগ থেকে ২০ ভরি স্বর্ণালংকার ও দিরহাম খোয়া যাওয়ার অভিযোগ আমার কাছেও এসেছে। এ ধরনের অপতত্পরতা বন্ধে আগামী ১ জুন থেকে স্ক্যানিং মেশিন থেকে উড়োজাহাজে লাগেজ তোলা পর্যন্ত কাজের ব্যাপারে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। এ জন্য বাড়তি লোকবল নিয়োগ করা হচ্ছে।’ অভিযোগ পাওয়া গেছে, শাহ আমানত বিমানবন্দর দিয়ে বিদেশগামী যাত্রীদের তল্লাশি করা ব্যাগ থেকে মূল্যবান জিনিস খোয়া যাওয়ার কিছু ঘটনা সম্প্রতি ঘটেছে। এর মধ্যে মার্চের শেষ সপ্তাহে দুবাই যাওয়ার সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর হাসান মাহমুদ হাসনির ব্যাগ থেকে একটি দামি ভিডিও ক্যামেরা, শুল্ক কর্মকর্তা জসিম উদ্দীনের একটি ক্যামেরা ও গলার চেইন, গৃহবধূ তাসনুভা তোফায়েলের গলার হার ও মোবাইল ফোন সেট রয়েছে। বিমানবন্দর ব্যবস্থাপক এসব অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।