দুবাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক দগ্ধ
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে ১০ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। দুবাইয়ের আলকুস এলাকায় আল সাফার কোম্পানির শ্রমিক ক্যাম্পে গতকাল রোববার স্থানীয় সময় রাত আটটায় এ দুর্ঘটনা ঘটে। দুবাইয়ের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) নাসরীন জাহানকে উদ্ধৃত করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (কল্যাণ) মুহসিন চৌধুরী আজ সোমবার বিকেলে প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ওই ক্যাম্পের রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে ১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হন। এরপর তাঁদের রক্ষার জন্য এগিয়ে গেলে আরও আটজন দগ্ধ হন। আহত সবাই বর্তমানে দুবাইয়ের রাশেদ হাসপাতালে চিকিত্সাধীন।দূতাবাস সূত্রে জানা গেছে, আহত বাংলাদেশিদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আলমগীর ও আবদুস সালাম এবং কুষ্টিয়ার হাসান আলী ও নুরের অবস্থা আশঙ্কাজনক। আহত আবদুস শুকুর, মিঠুন রেজা, কাবিদুল আজম ও সঞ্জয়ের অবস্থা আশঙ্কামুক্ত। বাকি দুই বাংলাদেশি নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন। তাঁদের পরিচয় জানা যায়নি।বিএমইটির পরিচালক মুহসিন চৌধুরী জানান, ‘পুলিশ ঘটনার তদন্ত করছে। দূতাবাস থেকে আহত বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। তাঁদের যাতে সর্বোচ্চ সেবা দেওয়া হয়, সে বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি।’