দুবাইয়ে আরেক ‘তাজমহল’
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সপ্তাশ্চর্যের একটি আগ্রার তাজমহলের অনুরূপ একটি স্থাপনা নির্মাণ করা হবে। এটির নির্মাণে খরচ পড়বে ১০০ কোটি ডলার। সম্প্রতি এমন এক পরিকল্পনার কথা প্রকাশিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, এটি হবে দ্য তাজ কমপ্লেক্স। আসল তাজমহলের চেয়ে এটি আয়তনে হবে বিশাল। প্রকল্পের নির্মাতাপ্রতিষ্ঠান লিংক গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান অরুণ মেহরা বলেন, তাজমহলের অনুরূপ স্থাপনাটির পাশেই নির্মিত হবে ‘তাজ অ্যারাবিয়া কমপ্লেক্স’ নামের একটি স্থাপনা। ২০১৪ সালের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে থাকবে ৩০০ কক্ষের একটি হোটেল, বেশ কিছু দোকান ও বাণিজ্যিক ভবন। এ ছাড়া আইফেল টাওয়ার, পিরামিড ও চীনের মহাপ্রাচীরের মতো স্থাপনাও থাকবে এতে। মেহরা বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর এটি ‘নিউ সিটি অব লাভ’ হিসেবে পরিচিতি পাবে।৩৫০ বছরের বেশি সময় আগে মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী সম্রাজ্ঞী মমতাজের সমাধিতে এই সৌধ নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত ভবনটি নির্মাণে ২০ বছরের বেশি সময় লেগেছিল।