দুবাইয়ে কারখানায় আগুন, ৯ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি সুগন্ধী তৈরির কারখানায় আগুনে নয় বাংলাদেশিসহ ১১ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এ মর্মন্তুদ ঘটনা ঘটে। দুবাইয়ের পুলিশ আজ বুধবার এ তথ্য দিয়েছে।দুবাই পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মেজর জেনারেল খামিস আল-ম্যাজেইনা বার্তা সংস্থা এএফপিকে জানান, গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে কারখানাটিতে আগুন লাগে। এ সময় ওই শ্রমিকেরা কারখানাটিতে ঘুমাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আগুনে ১১ বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয়জন বাংলাদেশের, একজন ভারতের ও একজন পাকিস্তানের নাগরিক। অগ্নিকাণ্ডের কারণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।আল-ম্যাজেইনা আরও বলেন, রাতে শ্রমিকদের অবৈধভাবে কারখানায় রাখার অভিযোগে ওই কারখানার আমিরাতি মালিক ও ভারতীয় ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে বিদেশি শ্রমিকদের, বিশেষ করে দক্ষিণ এশীয় শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবনযাপনের মান অত্যন্ত নিম্ন বলে অভিযোগ রয়েছে। এএফপি।