দুবাইয়ে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ২
ইউনাইটেড পার্সেল সার্ভিসের (ইউপিএস) একটি বোয়িং ৭৪৭-৪০০ কার্গো বিমান গতকাল শুক্রবার দুবাইয়ের পার্শ্ববর্তী একটি সেনাঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানের দুজন ক্রু নিহত হয়েছেন বলে জানা গেছে। দুবাইয়ের পার্শ্ববর্তী একটি সেনাঘাঁটিতে অবতরণের কিছুক্ষণ আগে বিমানটি বিধ্বস্ত হয়। খবর রয়টার্সের।যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ডাকসেবা প্রতিষ্ঠান ইউপিএস কর্তৃপক্ষ বিমানটি বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিমানটি জার্মানির কোলন শহরে যাচ্ছিল।স্থানীয় এক অধিবাসী রয়টার্সকে জানিয়েছেন, ‘আমি দেখলাম বিমানটি হঠাত্ নিচের দিকে নামছে। এ সময় বিকট শব্দ করে তা সেনাঘাঁটিতে বিধ্বস্ত হয়।’সংযুক্ত আরব আমিরাতের সরকারি সূত্রে জানা গেছে, বিমানটি সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা সেনাঘাঁটিতে বিধ্বস্ত হয়।দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি দুবাই বিমানবন্দর ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুবাই বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ককপিটে অবস্থানরত চালককে যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয়, তাকে পুনরায় বিমানবন্দরে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়। চালক হয়তো বিমানবন্দরে অবতরণ করার জন্যই ফিরে আসছিলেন। এ সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।