দুবাইয়ে মোশাররফ-আইএসআই প্রধানের গোপন বৈঠক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লে. জেনারেল আহমেদ সুজা পাশা দুবাইয়ে গোপন বৈঠক করেছেন। ওই বৈঠকে আইএসআই প্রধান পারভেজ মোশাররফকে পাকিস্তানে না আসার পরামর্শ দিয়েছেন বলে একটি সূত্র দ্য ডনকে গতকাল সোমবার জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পারভেজ মোশাররফের ঘনিষ্ঠ ওই সূত্রটি বলেছে, ‘মোশাররফ তাঁর খুবই ঘনিষ্ঠ জেনারেল পাশার সঙ্গে দুবাইয়ে একটি বৈঠক করেছেন। পাকিস্তানের পরিস্থিতি অনুকূল না থাকায় মোশাররফকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন পাশা ।’এদিকে গতকাল সোমবার পাকিস্তানের সিনেটে দেশটির সাবেক সেনাশাসক মোশাররফের দেশে আসার পর গ্রেপ্তারের দাবি জানিয়ে একটি প্রস্তাবনা পাস করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ঘোষণা করেছেন, পাকিস্তানে আসা মাত্র মোশাররফকে গ্রেপ্তার করা হবে। তবে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নির্দেশনায় নাকি ব্যক্তিগত উদ্যোগে দুবাইয়ে মোশাররফ-পাশার এই বৈঠক হয়েছে, তা পরিষ্কার নয়। সূত্রটি বলছে, এটা ছিল পাশার ব্যক্তিগত বৈঠক।এদিকে আজ মঙ্গলবার গোপন চিঠি কেলেঙ্কারির বিষয়ে পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক মনসুর ইজাজ বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সামনে হাজির হচ্ছেন না। তিনি নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তান আসতে অস্বীকৃতি জানিয়েছেন বলে গতকাল সোমবার তাঁর আইনজীবী জানান। লন্ডন বা জুরিখ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ইজাজ তাঁর বক্তব্য গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।