দুবার নকশা বদল ১১ বছরেও শেষ হয়নি স্বাধীনতাস্তম্ভের নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বদলেছে, সে সঙ্গে বদলেছে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন স্বাধীনতাস্তম্ভের নকশা। এ পর্যন্ত দুবার নকশা বদল হয়েছে। প্রকল্পের বাজেট কয়েক দফায় বেড়েছে। কিন্তু তিন বছরে শেষ করার কথা থাকলেও ১১ বছরে কাজ হয়েছে অর্ধেকের সামান্য বেশি। প্রকল্প এলাকায় অযত্ন-অবহেলার ছাপও স্পষ্ট। স্বাধীনতাস্তম্ভকে এমন অবস্থায় রেখে জাতি আজ ২৬ মার্চ আরেকটি স্বাধীনতা দিবস পালন করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে স্বাধীনতাস্তম্ভের কাজ শেষ করার ঘোষণা দিয়েছে। তবে ওই ঘোষণার পর গত এক বছরেও নির্মাণকাজ এগোয়নি। তবে এ সময়ে নকশা পরিবর্তন করে ১৫০ ফুট উঁচু কাচের টাওয়ার আবার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পে আরও কিছু বিষয় সংযুক্ত হয়েছে। অনুমোদিত হয়েছে নতুন বাজেট। ওই টাওয়ার নির্মাণের জন্য আন্তর্জাতিক কারিগরি দরপত্র আহ্বান করা হয়েছে। এই দরপত্র যাচাই-বাছাই শেষে আর্থিক দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।স্বাধীনতাস্তম্ভের অন্যতম পরিকল্পক রবিউল হুসাইন গত এক বছরে প্রকল্পের তেমন অগ্রগতি হয়নি উল্লেখ করে বলেন, এটা দুঃখজনক। কারণ, এখন স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায়, তাদের নির্বাচনী ইশতেহারেও পরোক্ষভাবে এটা ছিল। তবে স্বাধীনতাস্তম্ভ প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ ইয়ামিন প্রথম আলোকে বলেন, কাজের অগ্রগতি হয়নি, এটা ঠিক নয়। কারণ, বিগত সরকারের বাদ দেওয়া বিষয় নতুন করে সংযোজন করতে হয়েছে। আর্থিক হিসাব করতে হয়েছে, দরপত্র আহ্বান করতে হয়েছে। তিনি বলেন, ‘১০১২ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা, আশা করি এর আগেই শেষ করা যাবে।’ মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামও জানান, সময়মতো স্বাধীনতাস্তম্ভের কাজ শেষ হবে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখান থেকে প্রকৃত অর্থেই স্বাধীনতার সঠিক ইতিহাস জানা যাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে চার একর জায়গাজুড়ে স্বাধীনতাস্তম্ভ প্রকল্পের কাজ শুরু হয়। এর আগে ১৯৯৮ সালের ১৬ ডিসেম্বর তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ প্রকল্পের নকশা করে আরবান। তখন প্রকল্পের মধ্যে ছিল মুক্তিযুদ্ধ নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের জন্য ২৫৩ ফুট দৈর্ঘ্য ও ১২৬ ফুট প্রস্থের একটি ভূগর্ভস্থ জাদুঘর, স্তম্ভ-লাগোয়া চত্বরে ৬০ ফুট ব্যাসের বৃত্তাকার জলাধার ও পাথরের দেয়ালে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক ম্যুরাল, ১৬ বর্গফুট আয়তনের ১৫০ ফুট উঁচু কাচের একটি টাওয়ার। শাহবাগের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের জায়গা পরিবর্তন করে সেখানে একটি বিশেষ প্রদর্শনীকক্ষ নির্মাণেরও কথা ছিল। তখন এ প্রকল্পের বাজেট ছিল ৮১ কোটি ২৭ লাখ টাকা। তবে ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগে প্রকল্পের কাজ সাময়িক স্থগিত করা হয়। ওই বছরের ১৪ জুলাই একনেকে ওই প্রকল্পের বাজেট ১৭২ কোটি টাকা অনুমোদন করা হয়। পরে আরও কয়েক দফা বাজেট বাড়ানো হয়। ২০০২ সালের আগস্টে প্রকল্প মূল্যায়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়নের জন্য সাবেক পররাষ্ট্রসচিব এম আর ওসমানীকে চেয়ারম্যান করে বিশেষজ্ঞ কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটির প্রস্তাব অনুযায়ী কাচের টাওয়ার বাদ দেওয়া হয় এবং প্রকল্প-ব্যয় কমানো হয়। ২০০৬ সালের ২২ অক্টোবর তত্কালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি ফলক উন্মোচন করেন। জোট সরকারের আমলে প্রকল্পটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়। তবে তখন প্রকল্পের কাজ কয়েক দফায় বন্ধ থাকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বাধীনতাস্তম্ভ প্রকল্পের প্রথম নকশাটিই আবার পুনর্বহাল করা হয়। প্রকল্পের বাজেট অনুমোদন হয় ১৮১ কোটি টাকা। সরেজমিনে গত বুধবার স্বাধীনতাস্তম্ভ প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, প্রকল্পভুক্ত অনেক কিছু এখনো হয়নি। এর মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মঞ্চ স্থাপন, পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজির আত্মসমর্পণের দলিলসহ টেবিল স্থাপন, স্বাধীনতাস্তম্ভের সঙ্গে শিশুপার্কের সংযোজন ইত্যাদি। দেখা যায়, বৃত্তাকার জলাধার ময়লা-আবর্জনায় ভরা। জলাধারের পানি দূষিত ও কালো হয়ে আছে। যেখানে-সেখানে বাদামের খোসা ছড়িয়ে আছে। প্রকল্প এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে ভবঘুরে থেকে মাদকসেবী, সবাই। স্বাধীনতাস্তম্ভ প্রকল্পের জাদুঘরের স্থানে রয়েছে তালাবদ্ধ প্রকল্প কার্যালয়।