দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত ফুয়াদ, শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে আসর মাতাতে বিভিন্ন দলে শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র, টিভি নাটক, সংগীত ও মডেলিংসহ বিভিন্ন অঙ্গনের তারকাশিল্পীরা। সে ধারাবাহিকতায় বিপিএলে দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ফুয়াদ এবং ডি রকস্টার ও সাউথ এশিয়ান সুপার স্টার খ্যাত কণ্ঠশিল্পী শুভ। বিপিএল দুরন্ত রাজশাহীর সূচনা সংগীতেও কণ্ঠ দিয়েছেন শুভ। ‘পদ্মার ধু-ধু চর, দুরন্ত কৈশোর/মেতে উঠি গম্ভীরা ধ্বনিতে, লেটস মুভ লেটস মুভ রাজশাহী...’ শিরোনামের এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন মাইলস ব্যান্ডের অন্যতম ভোকাল হামিন আহমেদ, নেমেসিস ব্যান্ডের জোহাদ ও নবীন কণ্ঠশিল্পী মৌরি। এরই মধ্যে দুরন্ত রাজশাহী দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁদের। শুভ বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, আজকের প্রথম আলোর মাধ্যমে জানতে পারলাম জন্মসূত্রে বরিশালের না হয়েও টুটুল ভাই বরিশাল বার্নাসের শুভেচ্ছা দূত হয়েছেন। কাকতালীয়ভাবে টুটুল ভাইয়ের মতো আমারও একই অবস্থা। আমার বাড়ি নেত্রকোনায় হলেও শ্বশুরবাড়ি কিন্তু রাজশাহীতে। সে হিসেবে দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত হওয়াটা আমার ঠিকই আছে।শুভ আরও বলেন, ‘কাল থেকে বিপিএলের দুরন্ত রাজশাহীর রোড শো শুরু হচ্ছে। শুভেচ্ছা দূত হিসেবে দলটির পক্ষে প্রচারণাসহ খেলার সময় মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উত্সাহ জোগানোর কাজও করতে হবে।’