দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত মাহফুজ
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত রাজশাহী দলের শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছেন মাহফুজ আহমেদ। মাহফুজ জানিয়েছেন, গতকাল বুধবার এই দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত হিসেবে দলের প্রতিটি খেলার সময় মাঠে থাকবেন মাহফুজ আহমেদ। প্রচারণার কাজে অংশ নেওয়ার পাশাপাশি খেলার দিন খেলোয়াড়দের সঙ্গে মাঠে থাকার পাশাপাশি দলকে উত্সাহ জোগাবেন বলেই জানিয়েছেন তিনি।‘আপনি নোয়াখালীর ছেলে। কিন্তু শুভেচ্ছা দূত হলেন দুরন্ত রাজশাহীর। এমন প্রশ্নের জবাবে অভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ বলেন, আমার শ্বশুরবাড়ি কিন্তু রংপুর। আর তাই শ্বশুরবাড়ির সবাই দুরন্ত রাজশাহীর সমর্থক। শ্বশুরবাড়ির মানুষের জন্য সবাই কত কিছুই না করে। আমিও তাই কিছু একটা করলাম আর কি। দুরন্ত রাজশাহীর সঙ্গে যুক্ত হলাম।’শুধু মাহফুজ আহমেদই নয়, দুরন্ত রাজশাহীর শুভেচ্ছা দূত হয়েছেন আরও চারজন তারকা। এঁরা হলেন চ্যানেল আইয়ের বিভিন্ন রিয়ালিটি শো মাধ্যমে উঠে আসা কোনাল (সেরাকণ্ঠ), রাখি (লাক্স তারকা), হাসিন (ভিট টপ মডেল) ও জুয়েল রানা (খুদে গানরাজ)।গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল দলটির খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিভিন্ন অঙ্গনের এসব তারকা।এ পাঁচজনের মধ্যে একমাত্র রাজশাহীর সন্তান হচ্ছেন ভিট চ্যানেল আই টপ মডেল খেতাব জয়ী হাসিন রওশন জাহান। এ জন্য তিনি বেশ গর্বিতও। জানালেন, রাজশাহীর মেয়ে হিসেবে দুরন্ত রাজশাহী দলের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। এদিকে দুরন্ত রাজশাহীকে নিয়ে রাজশাহীর আরেক সন্তান ক্লোজআপ ওয়ান তারকা মুহিন একটি গান গেয়েছেন। জাহিদ আকবরের লেখা গানটি গাওয়ার পাশাপাশি এর সুরও করেছেন তিনি।