দুরন্ত রাজশাহীর সঙ্গে ফুয়াদ ও শুভ
বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম দল দুরন্ত রাজশাহীর সঙ্গে তারকা প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন সংগীতশিল্পী ফুয়াদ ও শুভ। গতকাল মঙ্গলবার সকালে শুভ জানান, দুরন্ত রাজশাহীর জন্য এরই মধ্যে তাঁরা একটি গান তৈরি করেছেন। ‘পদ্মার ধু ধু চর, দুরন্ত কৈশোর’ শিরোনামের গানটি লিখেছেন আফতাব মাহমুদ, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন হামিন আহমেদ (মাইলস), জোহাদ (নেমেসিস), শুভ (এফএনএফ) ও মৌরি। দুরন্ত রাজশাহী সূত্রে জানা গেছে, আজ দলটির প্রচারণার কাজ শুরু হচ্ছে। আজ থেকে পরপর তিন দিন রাজশাহী বিভাগে তিনটি কনসার্ট আয়োজন করা হয়েছে। আজ বিকেলে কনসার্ট হবে রাজশাহী স্টেডিয়ামে, বৃহস্পতিবার নাটোরে সিংড়া কোর্ট মাঠে এবং শুক্রবার সিরাজগঞ্জের বেলকুচি মাঠে। এ কনসার্টগুলোতে গান করবেন মমতাজ, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, লালন, শূন্য, এফএনএফ, নেমেসিস, পার্থিব এবং ওল্ড স্কুল।গান ও কনসার্ট করা ছাড়া শুভ ও ফুয়াদ ‘পদ্মার ধু ধু চর, দুরন্ত কৈশোর’ গানটির মিউজিক ভিডিওতে অংশ নেবেন। আর খেলার দিন থাকবেন মাঠে।