দুরন্ত সিডর এখন স্কুলে যায়
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার দিনে জন্ম হয়েছিল তার। এই ঝড়ের নামে মা-বাবা তার নাম রেখেছিলেন সিডর। পাঁচ বছর বয়সী সেই সিডর এখন স্কুলে যায়। বাগেরহাটের মংলা উপজেলার চিলা গ্রামের বাসিন্দা পিংকী ইজারদার জানান, ঘূর্ণিঝড় সিডরের রাতে মংলার চিলা এলাকার সেন্ট মেরিস গির্জাসংলগ্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেন সন্তানসম্ভবা সাথী সরকার। ঝড়ের রাত চারটার দিকে ওই আশ্রয়কেন্দ্রে জন্ম নেয় এক ফুটফুটে শিশু। মা-বাবা ও পরিবারের সদস্যরা তার নাম রাখেন সিডর সরকার। সিডরের দাদি রিভা সরকার (৫৫) প্রথম আলো ডটকমকে জানান, সিডরের বাবা জর্জি সরকার (৩০) ও মা সাথী সরকার (২৫) এখন ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাই সিডর এলাকায় তাঁর কাছেই থাকে। সে স্থানীয় দিশারী ফ্রি স্কুলে শিশু শ্রেণীতে পড়ে। তার মা-বাবা যে টাকা পাঠান, তা দিয়ে সংসার চালানোই দায় বলে তিনি জানালেন। দিশারী ফ্রি স্কুলের শিক্ষিকা সুমা সরকার জানান, সিডর দারুণ মেধাবী, তবে খুব দুরন্ত। যথাযথ পরিবেশে তার পড়াশোনার ব্যবস্থা করতে পারলে সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। বড় হয়ে কী হবে—এমন প্রশ্নের জবাবে ছোট্ট সিডর খেলতে খেলতে উত্তর দেয়, ‘ফাদার হবো। সেবা করব।’বর্তমানে খুব কষ্টে আছে সিডরের পরিবার। সিডরের জন্মের পর অনেকে তাদের সহযোগিতা করতে চাইলেও বাস্তবে তা হয়নি। শুধু ‘প্রথম আলো’র পক্ষ থেকে তার জন্য প্রতিবছর জন্মদিনে অর্থ দেওয়া হয়।