দুর্গত জাপানিদের সাহায্যে ‘ফেসবুক গেম’
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জনপ্রিয় খেলা ফার্মভিলের জন্য যত বেশি ফসল কিনবেন, তত বেশি সাহায্য পাবে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের অসহায় মানুষ।ব্যতিক্রমী এ উদ্যোগে ফেসবুকের আটটি অনলাইন খেলার মাধ্যমে জাপানের দুর্গত মানুষের জন্য তহবিল সংগ্রহের কাজ চলছে। সেভ দ্য চিলড্রেন এবং সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে খেলা তৈরির প্রতিষ্ঠান জিংগা যৌথভাবে উদ্যোগটি নিয়েছে। এই খেলাগুলো হলো—ফার্মভিল, সিটিভিল, জিংগা পোকার, ফ্রন্টিয়ারভিল, ক্যাফে ওয়ার্ল্ড, জুভিল, জেড বার ও ওয়ার্ল্ড উইথ ইউওর ফ্রেন্ডস। এগুলো ফেসবুকে লাখ লাখ অনলাইন খেলোয়াড়ের প্রিয় খেলা।ফেসবুকের হিসাব অনুযায়ী, প্রতি মাসে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারী অনলাইনে ফার্মভিল খেলে থাকে। এ ছাড়া জিংগা পোকার প্রায় চার কোটি, ফ্রন্টিয়ারভিল প্রায় দুই কোটি এবং এক কোটির বেশি ব্যবহারকারী সিটিভিল খেলে থাকে।সিটিভিল এবং ফার্মভিলের মতো খেলাগুলোতে খেলোয়াড়দের জন্য বিশেষ অফার হিসেবে বিভিন্ন ধরনের ফসল দেওয়া হচ্ছে। খেলোয়াড়েরা ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ দিয়ে এসব ফসল নিতে পারবেন। এখান থেকে পাওয়া সব অর্থই ভূমিকম্পে ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানি শিশুদের জন্য দেওয়া হবে।টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে ২০ বছর বয়সী একজন ফার্মভিল খেলোয়াড় উদয় ভোর বলেন, ‘এটা সত্যিই একটি ব্যতিক্রমী আইডিয়া। বিশেষ অফারের ফসলগুলো আমাকে অতিরিক্ত পয়েন্ট দেবে, যার ফলে আমার লেভেলের উন্নতি হবে। পাশাপাশি জাপানের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমার বেশ ভালো লাগছে।’সেভ দ্য চিলড্রেনের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এখন জাপানে অসহায় শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। অনেক শিশুই এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এসব শিশুর পাশে দাঁড়াতে চাই।’প্রসঙ্গত, জাপানে গত শুক্রবার ৮.৯ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এর ফলে সৃষ্ট সুনামিতে ভেসে গেছে কয়েক হাজার জীবন। বর্তমানে জাপানের পূর্ব ও উত্তরাঞ্চলের প্রায় দুই লাখ ১৫ হাজার উদ্বাস্তুর জরুরি ভিত্তিতে বাসস্থানের প্রয়োজন। পাশাপাশি তাদের খাবার ও চিকিত্সাও জরুরি।