দুর্গত হাইতির ত্রাণ নিয়ে অনিশ্চয়তা
তিন বছর আগে আজকের দিনে হাইতিতে প্রলয়ংকরী ভূমিকম্পে প্রায় দুই লাখ মানুষ প্রাণ হারায়। গৃহহীন হয়ে যায় প্রায় ২০ লাখ। আর এরপর কলেরা মহামারিতে মারা যায় আরও কয়েক লাখ। দুর্গত মানুষের সেবায় জাতিসংঘের তত্ত্বাবধানে অনেক ত্রাণ সংগ্রহ করা হয়। কিন্তু এসব ত্রাণের বেশির ভাগ আজও হাইতিয়দের কাছে পৌঁছায়নি। হাইতিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ত্রাণের কেবল একটি ছোট অংশ দেশটির সরকার ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে। হাইতিতে বিশেষ প্রতিনিধির দপ্তরের (ওএসই) তথ্য বলছে, ওই দুর্যোগের পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন রাষ্ট্র, দাতব্য প্রতিষ্ঠান, ত্রাণ সংস্থা ও ব্যক্তি উদ্যোগ থেকে জাতিসংঘ প্রায় নয় বিলিয়ন ডলার (প্রায় ৭১ হাজার ৭৩৯ কোটি টাকা) সংগ্রহ করে। এর মধ্যে তিন বিলিয়ন ডলার এসেছে বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানি থেকে। বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছ থেকে এসেছে ছয় বিলিয়ন ডলার। কিন্তু ওএসই ও হাইতির বিভিন্ন সংস্থার প্রশ্ন হলো, কেন গত তিন বছরে ছয় বিলিয়ন ডলারের মাত্র ১০ শতাংশ হাইতি সরকারের কাছে এবং এক শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।ওএসইর এক প্রতিবেদনে বিশেষ প্রতিনিধির সহকারী ড. পল ফরমার বলেন, ‘ত্রাণ দেওয়ার জন্য যেসব বড় বড় প্রতিষ্ঠান হুমড়ি খেয়ে পড়েছিল, তারা প্রায়ই বা নিয়মিত অমনযোগীতার সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোকে দূরে ঠেলে দিয়েছে। যখন দেশটির সরকার ডাক্তার ও নার্সদের বেতন দিতে পারছে না, তখন অনেক বিদেশি প্রতিষ্ঠান এখানে উচ্চাভিলাষী ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। ... হাইতিতে আমাদের অভিজ্ঞতা বলছে, ত্রাণের টাকা কীভাবে, কোথায় খরচ হবে সেটির সিদ্ধান্ত যেমন জরুরি, তেমনি কতটুকু ত্রাণ বিতরণ করা হবে, তার সিদ্ধান্ত নেওয়াটাও জরুরি।’প্রতিবেদনে বলা হয়, বিদেশি দাতা সংস্থাগুলো সম্ভবত হাইতির বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে দুর্নীতি ও অনিয়মের কারণে তাদের হাতে অর্থ তুলে দিতে চায় না।কিন্তু প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, সরকারকে সরিয়ে দেওয়ার বদলে সক্ষম করে তোলাই গুরুত্বপূর্ণ কাজ।হাইতির রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটি এ প্রতিবেদনটিকে সাধুবাদ দিয়েছে। সংস্থাটির প্রতিনিধি অ্যালেক্স কোলড্রন বলেন, ‘আশার কথা হলো, আমরা আলোচনা শুরু করেছি। দেশের সম্পদের ওপরে সরকারের আরও বেশি নিয়ন্ত্রণ থাকাটা জরুরি।’কোলড্রন বলেন, ‘আপনি দেখবেন, এখানে সরকার সত্যিই কাজ করছে। হারিকেন স্যান্ডির সময়ও আমরা তা দেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহের প্রতি যথা সম্ভব সাড়া দিয়েছে দেশটির সরকার।’হাইতিতে সরকার দুর্বল হয়ে যাওয়ার পেছনে ভূমিকম্পে অনেক সরকারি কর্মচারীর মৃত্যুকে দায়ী করেছেন রেডক্রসের কান্ট্রি ডিরেক্টর সোফি দে কায়েন। তিনি মনে করেন, সরকারের সামর্থ্য বাড়ানোর মতো কর্মসূচি নেওয়াই এখন গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশি সংস্থাগুলো দেশটিতে কোটি কোটি ডলার খরচ করলেও উন্নয়ন এখনো সুদূর পরাহত। অক্সফাম বলছে, দেশটির সাড়ে তিন লাখেরও বেশি মানুষ এখনো অস্থায়ী ত্রাণ শিবিরে থাকছে। অনেক অস্থায়ী শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। এসব শিবিরের প্রায় ৫৩ হাজার মানুষ সরকারের নির্মিত বাড়িতে ফিরে গেছে। শিবিরের মানুষেরা যাতে বাড়িতে ফিরতে পারে এজন্য মৌলিক প্রয়োজনীয় সেবাগুলো নিশ্চিত করা দরকার। এর সাথে নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। তবে আশা করা হচ্ছে, আসছে বছরের মধ্যে সব লোক বাড়িতে ফিরতে পারবে।