দুর্গতদের পাশে দাঁড়াতে হাইতি যাচ্ছেন হিলারি
ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির ক্ষয়ক্ষতি দেখতে ও দুর্গতদের পাশে দাঁড়াতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আজ শনিবার হাইতি যাবেন। হাইতিবাসীর প্রতি পূর্ণ সমর্থন, সংহতি ও সহানুভূতি প্রদর্শনের জন্য হিলারি সেখানে যাচ্ছেন।এ দিকে দুর্গত হাইতিবাসীর সাহায্যের জন্য জাতিসংঘ বিশ্ববাসীর কাছে ৫৬২ মিলিয়ন ডলার ত্রাণ সাহায্য চেয়েছে। জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান সমন্বয়কারী জন হলমেস বলেন, পরবর্তী ছয় মাস ধরে দুর্গতদের কাছে ত্রাণ পাঠানো হবে। হাইতির স্বরাষ্ট্রমন্ত্রী পল অ্যান্টন বিয়েন এইম জানান, তাঁরা আশঙ্কা করছেন হাইতিতে এক থেকে দুই লাখ মানুষ মারা গেছে। সেখানে এ পর্যন্ত ৫০ হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবারের ভয়াবহ ভূমিকম্পের পর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে হাইতি। রাজধানী পোর্ট অব প্রিন্সে বিধ্বস্ত একটি নার্সিং কলেজের নিচ থেকে ২৬০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কলেজের ধ্বংসস্তূপের নিচে আরও ২৫ জন আহত অবস্থায় চাপা পড়ে আছে। সেখানকার এক পরিচ্ছন্নতাকর্মী বিবিসিকে এ কথা জানান। ধ্বংসস্তূপের নিচে ব্রাজিলের ত্রাণকর্মীরা ঢোকার চেষ্টা করছেন। হাইতিতে বিধ্বস্ত অনেক ভবনেরই এখন এমন অবস্থা। দ্য প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন বলছে, মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। তবে জাতিসংঘ আশঙ্কা করছে ভূমিকম্পের কারণে ৩০ হাজারেরও বেশি লোক উদ্বাস্তু হয়ে পড়বে। জন হলমেস হাইতির দুর্গতদের জন্য ৩৬০ মিলিয়ন ডলার ত্রাণ আহ্বান করেছেন। এ দিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আগামীকাল রোববার হাইতি সফর করবেন। হাইতির দুর্গতদের জন্য ৯ থেকে ১০ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ব্রিটেন, চীন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, রাশিয়া ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশও হাইতির দুর্গতদের জন্য ত্রাণকাজ চালাবে।