দুর্গন্ধে দুর্ভোগ!
থানা রোড দিয়ে আপনমনে হেঁটে যাচ্ছিল একজন স্কুল ছাত্রী। কিন্তু পাবলিক পাঠাগারের কাছে এসে সে নাকে রুমাল চেপে ধরে। ঠিক এ জায়গায় এসে সবাইকে বিড়ম্বনায় পড়তে হয়। এ বিড়ম্বনা হচ্ছে—‘দুর্গন্ধের বিড়ম্বনা’। পৌরসভার সব ময়লা-আবর্জনা এ সড়কের ঠিক পাশে ফেলায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ৫নং জকিগঞ্জ ইউনিয়নের সচিব মো. বোরহানউদ্দিন বলেন, ‘থানা রোডে হাঁটাই মুশকিল। দুর্গন্ধে পথচারীদের খুব সমস্যা হয়। পৌর শহরের ময়লা-আবর্জনার সঙ্গে সব প্রস্রাব-পায়খানাও এসে এখানে পড়ে।’ পাবলিক লাইব্রেরির সামনে কথা হয় সদর ইউপি সদস্য মো. সজ্জাদ আলী, আছিয়া বেগম ও ব্যবসায়ী আতাউর রহমানের সঙ্গে। তাঁরা এক বাক্যে বলেন, ‘দুর্গন্ধের যন্ত্রণায় পৌরবাসী অস্থির। দ্রুত এ সমস্যার সমাধান হোক।’সদর ইউনিয়নের চেয়ারম্যন মো. খলিলুর রহমান বলেন, ‘পৌরসভা যেখানে ময়লা-আবর্জনা ফেলে সেটির আশপাশে আমাদের ইউনিয়ন কার্যালয়, পাবলিক লাইব্রেরি, কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, থানা, কাস্টম অফিসসহ বেশ কতগুলো গুরুত্বপূণ স্থাপনা। এসব বিষয় বিবেচনায় এনে দ্রুত এ স্থানে ময়লা-আবর্জনা না ফেলে শহরের বাইরে অন্য একটি স্থানে ময়লার ভাগাড় বানানো উচিত।’সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুনন্দা শুক্লা শহর অপরিচ্ছন্ন থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘মেয়রকে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে দেখবেন। তবে প্রায় সময় অবশ্য নালা-সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। আর পরিষ্কার না হওয়ার প্রধান কারণ হচ্ছে, লোকবল সংকট। দ্বিতীয় কারণ হচ্ছে, ঠিকমতো বরাদ্দ না পাওয়া। এসব কারণে শহর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা যাচ্ছে না।’