দুর্গন্ধে পালাচ্ছে কনেপক্ষ
বিয়ে বুঝি আর কপালে নেই। এমন আশঙ্কা জেঁকে বসেছে ভারতের বেঙ্গালুুরুর ইয়েলাহানকা মাভালিপুরা গ্রামের যুবকদের। ওই গ্রামে বছরের পর বছর ধরে জমেছে টনকে টন ময়লার স্তূপ। সে ময়লার এমন দুর্গন্ধ যে কনে পক্ষের লোকজন সে গ্রামে পাত্রের খোঁজ নিতে গিয়ে বিড়ম্বনায় পড়ে। নাক চেপে ধরে পালাতে পালাতে ঠিক করে, ওই গ্রামের কোনো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে নয়। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।২০০৭ সাল থেকে বেঙ্গালুরুরের ওই গ্রামটিতে পৌর এলাকার কমপক্ষে এক কোটি টন ময়লা ফেলা হয়েছে। আর এ ময়লার দুর্গন্ধ ও দূষণে পুরো গ্রামের পরিবেশ বিপর্যস্ত। আশপাশের ১২টি গ্রামেও ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। গ্রামগুলো হচ্ছে, কুরুবারাহালি, লিনগারাজাপুরা, সুবেদার পালিয়া, শিবাকোতি, রামাগনদানাহালি, মাইলারাহালি, বেলেকেরি ও মুত্তাইয়াদাহালি। এ প্রসঙ্গে মাভালিপুরা গ্রামের পঞ্চায়েত সদস্য বি. শ্রীনিবাস বলেন, বিভিন্ন স্থান থেকে মেয়েদের অভিভাবকেরা বর বাছাইয়ে গ্রামে এসে ময়লার স্তূপ ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে দমে যান। তখন এ গ্রামে মেয়ে বিয়ে দিতে চান না।গ্রামটির বাসিন্দা মুনিরাজু বলেন, ‘এখানে সুপেয় পানির ব্যবস্থা নেই। তাই ৫০০ রুপি দিয়ে ট্যাংকার থেকে পানি কিনতে হয়। আগের মতো এখন আমারা ফসলও উত্পাদন করতে পারছি না। দুর্গন্ধের সঙ্গে এখানে আবর্জনার স্তূপে কুকুরের উত্পাত তো আছেই।’গ্রামবাসী জানায়, আবর্জনার কারণে ওই এলাকায় অনেকের স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। দুর্গন্ধের কারণে সামাজিক জীবনেও দেখা দিয়েছে নানা অশান্তি। বেঙ্গালুরু পৌর করপোরেশন বিবিএমপির কমিশনার এম কে শঙ্করলিঙ্গে গোওদা বলেন, ময়লা থেকে বিদ্যুত্ উত্পাদনের ওই এলাকায় একটি প্লান্ট স্থাপনে তিনি একটি প্রস্তাব পেয়েছেন। তিনি বলেন, ‘আমি গ্রামবাসীর কষ্টের কথা শুনেছি। কিন্তু শহরের ময়লা ফেলার জায়গার অভাব আছে।’