দেশকে পোলিওমুক্ত রাখতে কাল শনিবার ১৯তম জাতীয় টিকা দিবসের প্রথম পর্ব এবং ১২ ফেব্রুয়ারি শনিবার দ্বিতীয় পর্ব পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় দুই কোটি ২০ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। এবার প্রান্তিক ও দুর্গম অঞ্চলের প্রতিটি শিশুকে টিকা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে ১৯তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করেন। এ সময় তিনি পোলিওমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পাঁচ বছরের নিচের সব শিশুকে পোলিও টিকাদান কর্মসূচির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।বাসস জানায়, শেখ হাসিনা চিকিৎসকদের কর্মক্ষেত্রে উপস্থিত থেকে গ্রামের লোকজনের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি বলেন, কর্মজীবী মায়েদের শিশু এবং গরিব ও অবহেলিত বিশেষ করে পিছিয়ে পড়া বিভিন্ন এলাকার শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা দিতে হবে।প্রধানমন্ত্রী আরও বলেন, শিশু মৃত্যুর হার হ্রাসে সফলতার স্বীকৃতিস্বরূপ গত বছর বাংলাদেশ জাতিসংঘ এমডিজি-৪ অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি এ পুরস্কার অর্জনের জন্য ইপিআই কর্মীদের ধন্যবাদ জানান।এদিকে গতকাল জাতীয় টিকা দিবস-২০১১-এর প্রাক্কালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ইপিআই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, টিকা দেওয়ার জন্য এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বস্তি এলাকা, রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাটের শিশুরা ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে টিকা পাবে। চরাঞ্চলের জন্যও নৌযানের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে টিকা পৌঁছানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, টিকাকেন্দ্র সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। কর্মজীবী নারী ও ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর সুবিধার্থে কেন্দ্র রাতেও খোলা রাখা হবে। বেদে, রাস্তায় বসবাসকারী শিশু, পাহাড়ি জনগোষ্ঠী, সীমান্তবর্তী এলাকার শিশু, চর, হাওর, ছিটমহল, চা-বাগান, হাসপাতাল, শরণার্থী শিবির, নির্মাণাধীন এলাকা, বস্তি, চাতাল, জেলখানা, এতিমখানা, পতিতালয়, আবাসিক ও বহুতল ভবন এবং আবাসিক হোটেলের প্রতিটি শিশুর ব্যাপারে মাঠকর্মীদের মনোযোগী হতে বলেছে অধিদপ্তর। প্রতি পর্বের পর চার দিন বাদ পড়া শিশু খুঁজে বের করার কাজও চলবে। পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে দুই ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। এই বয়সী শিশু আগে পোলিও টিকা খেয়ে থাকলে অথবা না খেয়ে থাকলে তাকে টিকা খাওয়াতে হবে। পোলিও টিকার পাশাপাশি রাতকানা ও শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে প্রথম পর্বে এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের কম বয়সী শিশুকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। দ্বিতীয় পর্বে দুই বছর থেকে শুরু করে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে একটি করে কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। শিশুকে ভরা পেটে টিকাদান কেন্দ্রে আনার অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা মো. তাজুল ইসলাম এ বারী বলেন, ২০টি দেশে পোলিও আছে। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও রোগীর সংখ্যা বেশি। দেশে ২০০৬ সালে ১৮ জন পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়। গত চার বছরের বেশি সময় বাংলাদেশ পোলিওমুক্ত রয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক এম আর খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান ও মহাসচিব শারফুদ্দিন আহমেদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সার্গেই দিয়োর্দিৎসা।