দুর্গম ও জঙ্গলঘেরা বিবিরবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গম ও জঙ্গলঘেরা এলাকায় অবস্থিত কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দর। আমদানি ও রপ্তানিকারকেরা পণ্য আনা-নেওয়া করতে আগ্রহী হচ্ছেন না। স্থলবন্দরে যাওয়ার কোনো পাকা সড়কও নেই। গ্রাম্য মেঠোপথ দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করতে হয়। সড়ক নির্মাণ করা না হলেও কালভার্ট ঠিকই তৈরি হয়ে গেছে।তিন বছর আগে স্থলবন্দরের ভবন, গুদাম (ওয়্যারহাউস), ওজনযন্ত্র স্থাপন করা হলেও তা ব্যবহূত হয় না। গাছগাছালি-লতাগুল্মে ভরে গেছে পুরো এলাকা। স্থলবন্দর এলাকা যেন একটি পরিত্যক্ত বাড়ি। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।প্রতিদিন গড়ে এখান থেকে ১০-১২ ট্রাক পাথর ও সিমেন্ট যায় ভারতে। মাঝেমধ্যে যায় ইট ও ফলের রস। ভারত থেকে কদাচিৎ আসে চামড়া ও চামড়াজাত পণ্য। অথচ স্থলবন্দরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ১২ কিলোমিটার পূর্বে অবস্থিত। মহাসড়ক থেকে এত কাছে আর কোনো স্থলবন্দর নেই। ভারতের অংশের স্থলবন্দরটি ত্রিপুরার শ্রীমান্তপুর স্থলবন্দর নামে পরিচিত। শ্রীমান্তপুর থেকে ত্রিপুরার আগরতলার দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার। ভারতের জাতীয় সড়ক ধরেই আগরতলা যাওয়া সম্ভব। শুধু একটি সংযোগ সড়কের অভাবে এত সম্ভাবনাময় একটি স্থলবন্দর কাজে লাগানো যাচ্ছে না।অবকাঠামো পরিত্যক্ত অবস্থায়: ২০০৯ সালের ২৩ সেপ্টেম্বর থেকে বেসরকারি অপারেটর শেফার্ড কুমিল্লা ল্যান্ডপোর্ট লিমিটেড বিবিরবাজার স্থলবন্দর পরিচালনা করে আসছে। স্থলবন্দরটি ব্যবহার কম হওয়ায় ১০ একর এলাকায় নির্মিত ভবন, ওজনযন্ত্র, ইয়ার্ড—সবই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।একটি গুদামঘর থাকলেও সেখানে যাওয়ার সংযোগ সড়ক নেই। নির্মাণের পর গত তিন বছরে কোনো পণ্য রাখা হয়নি বলে জানা গেছে। ওজনযন্ত্র স্থাপন করা হলেও সেখানে যাওয়ারও সংযোগ সড়ক নেই। লতাগুল্মে ওজনযন্ত্রটি ঢেকে আছে বলে সরেজমিনে দেখা গেছে। সীমানাপ্রাচীর থাকলেও পুরো স্থলবন্দরটি একটি পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে।মেঠোপথে চলে পণ্যের ট্রাক: বিবিরবাজার স্থলবন্দরের প্রধান সমস্যা হলো কোনো সংযোগ সড়ক নেই। গ্রামের মেঠোপথে প্রায় ছয় কিলোমিটার যেতে হয় পণ্যবাহী ট্রাক। কুমিল্লা সিটি করপোরেশনের জগন্নাথপুর থেকে বিবিরবাজার স্থলবন্দর পর্যন্ত কাঁচা সড়ক। সরেজমিনে দেখা গেছে, পুরো সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। আর বর্ষাকালে কাদায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রায়ই দুর্ঘটনা ঘটে। তিন বছর আগে সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনো তা করা হয়নি। পাথরবাহী ট্রাকচালক কামাল হোসেন প্রথম আলোকে জানান, সড়কটি পুরোপুরি ভারী ট্রাক চলাচলের অনুপযোগী। রপ্তানিকারকেরা বিপদে না পড়লে এই স্থলবন্দর ব্যবহার করতে চান না। সেতু আছে, সংযোগ সড়ক নেই: তিন বছর আগে প্রায় সাত কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সে সময় সড়কের পাশাপাশি ছয়টি কালভার্ট বা ছোট সেতু নির্মাণের কথা ছিল। জগন্নাথপুর ও বিবিরবাজারে দুটি করে এবং কটক বাজার ও অরণ্যপুরে একটি করে কালভার্ট নির্মাণ করা হয়েছে। তিন বছর ধরে এসব কালভার্ট অযত্নে পড়ে রয়েছে। সংযোগ সড়ক আর হয়নি।কাস্টমস পরিদর্শক কলিম উল্লাহ প্রথম আলোকে জানান, যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় এই স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করতে চান না ব্যবসায়ীরা। তাঁর মতে, সড়কটি নির্মাণ করা হলে এই বন্দরের গুরুত্ব বাড়ত।