দুর্গম পাহাড়ি এলাকায় শিমলা
হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গার দুর্গম পাহাড়ি এলাকায় এখন চলচ্চিত্রের শুটিং করছেন চিত্রনায়িকা শিমলা। ছবির নাম ‘রূপগাওয়াল’। ১৫ নভেম্বর থেকে সেখানে ছবিটির শুটিং হচ্ছে। ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান। হবিগঞ্জে যাওয়ার আগে শিমলা প্রথম আলোর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসেছিলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এ অনুষ্ঠানে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে ভক্তদের অটোগ্রাফ দেন এবং তাঁদের সঙ্গে সময় কাটান। হবিগঞ্জ যাওয়ার আগে শিমলা বলেন, ‘রূপগাওয়াল ছবিটির গল্প অসাধারণ। এ ধরনের গল্পের একটি চলচ্চিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে। আর এলাকাটা এতটাই দুর্গম যে আমরা যেখানে শুটিং করছি, সেখানে কোনো মুঠোফোন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক নেই।’জানা গেছে, দুর্গম এই পাহাড়ি এলাকায় ২২ নভেম্বর পর্যন্ত ছবিটির শুটিং করবেন শিমলা। রূপগাওয়াল চলচ্চিত্রে আরও অভিনয় করছেন চম্পা, নিলয়, মাসুম আজিজ, লিজা, শ্রাবণী, আনোয়ার শাহীসহ আরও অনেকে।