দুর্গা-সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় ঢাকার বধির স্কুলে একবার পূজায় দেখেছিলাম, মূর্তিগুলো ঠিক একটা কাঠামোয় নয়, বরং একটা মঞ্চে নানা রকম অভিব্যক্তিতে সাজানো। দেখে মনে হচ্ছিল, তারা সবাই একটা নাটকের লবকুশ (বস্তুত, এখন প্রায় সব কটি পূজামণ্ডপেই এক কাঠামোয় না হয়ে মূর্তিগুলো আলাদাভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে সাজানো হয়)। তার ওপর ওই মঞ্চে ছিল সুগ্রীব, বালি ইত্যাদি হনুমান সব। আরও ছিল বিভীষণ এবং রামায়ণের কয়েকটি চরিত্র। আমি অবাক বিস্ময়ে মূর্তিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ভেবেছি, কিন্তু আমার শিশুমন কোনোভাবেই রামায়ণের সঙ্গে দুর্গার সাযুজ্য খুঁজে পায়নি। আমার বড় কাকার গল্প বলার দক্ষতা ছিল অসাধারণ। স্কুলপরীক্ষা শেষের চাঁদনিরাতে রামায়ণ-মহাভারত-এর কাহিনিগুলো তাঁর গল্পে আর আমার কল্পনায় জীবন্ত হয়ে উঠত। তন্ময় হয়ে শুনতাম আর হারিয়ে যেতাম সীমাহীন সময়পারে অন্য এক জগতে। সেখানে কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়—অসহায় কর্ণকে মৃত্যুবরণ করতে হয়। অন্যায়ভাবে পাশা খেলায় হারিয়ে পাণ্ডবদের পাঁচ ভাইকে বনবাসে পাঠানোর চক্রান্ত হয়। আবার সীতাকে অপহরণ করে পুষ্পক রথে করে উড়ালদৌড়ে পালিয়ে যায় রাবণ। আমার শিশুমন এসব অন্যায়ের একটা সমীচীন জবাব খোঁজে—বড় কাকাকে প্রশ্ন করি, এ রকম অন্যায় হচ্ছে কেন? গল্প বলার ছন্দে বাধা পড়ায় বড় কাকা বিরক্ত হন। এই তো ছেলেবেলা। আরেকটু বড় হয়ে যখন একা একা পড়তে শিখেছি, তখন ছোটদের রামায়ণ আর ছোটদের মহাভারত পড়ি সহজ ভাষায়। বর্ণনা আর অপূর্ব সব ছবি আমাকে বিমোহিত করে। মনে পড়ে সেই বধির স্কুলে দেখা দুর্গাপূজার বেদীতে রামায়ণ-চরিত্রের উপস্থিতি। সাযুজ্য খুঁজে পাই। রামায়ণেই তো দুর্গাপূজার উল্লেখ। রাবণের সঙ্গে আসন্ন মহারণের আগে শরতে বসন্তের বাসন্তী দেবীকে রাম আবাহন করেছিলেন, যার বরেই রাবণকে পর্যুদস্ত করে সীতাকে উদ্ধার করেছিলেন রাম; আর বসন্তের বাসন্তী পূজা অকালবোধনে হলো শরতের দুর্গাপূজা, যা এখন শারদীয়া নামে সর্বাধিক ব্যবহূত। রামায়ণ এক মহাকাব্য। বাংলা সাহিত্যে সারা জীবন রসসঞ্চালন করে যাচ্ছে এবং যাবে। একে ঘিরেই দুর্গাপূজা বা দুর্গোৎসব। অবাক হই আরও পরে, যখন স্কুলে ক্লাস এইটে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের কিয়দংশ আমাদের পাঠ্য ছিল...। ‘এতক্ষণে অরিন্দম...’ দিয়ে যার শুরু। আমাদের স্যার বাংলা পড়াতেন এবং এ প্রসঙ্গে মেঘনাদ বধ কাব্যের আরও কিছু অংশ বোনাস হিসেবে শোনাতেন। বোঝা না-বোঝা শব্দগুলো অমিত্রাক্ষর ছন্দে স্যারের ভরা গলায় উচ্চারণে আমার মনে অপূর্ব ব্যাঞ্জনা সৃষ্টি করত। এখানেই রাবণের পরিচয় পাই একজন পুত্রহারা ভগ্নহূদয় রাজা হিসেবে। সুশোভিত লঙ্কাপুরী কীভাবে রাম-লক্ষ্মণের হাতে ধ্বংস হলো, কীভাবে চোরের মতো যজ্ঞাগারে ঢুকে প্রর্থনারত অবস্থায় রাবণপুত্রকে হত্যা করে লক্ষ্মণ ইত্যাদি। বর্ণনা করতে করতে স্যারের চোখ ছলছল করে উঠত। সাহিত্যে মধুসূদনের এ এক অসাধারণ দ্বন্দ্ব সৃষ্টি। রামায়ণ-এ যে রাম নায়ক আর রাবণ খলনায়ক, মেঘনাদ বধ কাব্যে তার ঠিক উল্টো। কাব্যজুড়ে শুধুই ‘দশানন’ আর দশাননাত্মজের জন্য বক্ষবিদীর্ণ করা হাহাকার। দুর্গাকে ঘিরেও মাইকেলের এই দ্বৈত সত্তা। বাংলার সাধারণ মানুষের মনে দুর্গার আবির্ভাবে যে অনুভূতির সৃষ্টি হয়, তিনি সেই অপূর্ব অনুভূতি বেঁধেছিলেন তাঁর এক সনেটে:সু-শ্যামাঙ্গ বঙ্গ এবে মহাব্রতে রতএসেছেন ফিরে উমা, বৎসরের পরেমহিষমর্দ্দিনী রূপে ভকেতর মনেবামে কমল কায়া রমা দক্ষিণে আয়ত লোচনা বচনেশ্বরী...আমার শিশুমন ভেবে পায় না, যে দুর্গা রামকে রাবণবধে শক্তি দিয়েছিলেন সেই দুর্গার স্তুতি মাইকেলের লেখায় কীভাবে শোভা পায়। মাইকেল আসলে ধর্ম নিয়ে ধর্মান্ধ নন। তিনি রামায়ণ মহাকাব্যে দুর্গোৎসবকে ঘিরে আমাদের মনের সরোবরে সাহিত্যরসে শতদল ফুটিয়েছেন। তাঁর সনেটে, কাব্যে, রচনায়—কোথায় নেই দুর্গা? দুর্গা তাঁর লেখায় এসেছেন শশাঙ্কধারিণীরূপে, অর্থাৎ শিবের মতো তাঁর মস্তকেও চন্দ্রকলার প্রকাশ। ‘স্মরহর প্রিয়া’রূপে অর্থাৎ শিবের প্রিয়ারূপে...। ‘স্মর-হর-প্রিয়া স্মর প্রিয়া পানে ডাক তব প্রাননাথে...’।‘জগদম্বা’, অর্থাৎ জগৎমাতারূপে—আবার তিনি দুর্গা বলেছেন ঈশানী নামে...! ‘আদরে ঈশান ইষৎ হাসিয়া দেয় অজিন আসনে বসাইলা ঈশানীরে...’মাইকেলের আরেকটি চরণ, ‘যথাযবে আশ্বিন হে মাস বংশরাজা, আন তুমি গিরিগৃহে গিরীশ দুহিতা গৌরী গিরীরাজারানী...’। মাইকেল দুর্গার এসব বোধনবাচনের অনেক কিছুই নিয়েছেন বাংলা শাক্ত পদাবলির অন্তর্গত আগমনী ও বিজয়া গানে বর্ণিত দুর্গোৎসবের বর্ণনা থেকে। দুর্গাকে ঘিরে আমাদের প্রতিটি ব্যক্তির প্রতিটি ঘরে প্রতিটি মায়ের আকুতি তাঁর মর্মে লেগেছে। তিনি কি অপূর্ব এক সনেট লিখেছেন সেই অনুভূতিকে নিয়ে? যেয়োনা রজনী আজি লয়ে তার দলে...বার মাস তিতি সতি, নিত্য অশ্রুজলেপেয়েছি উমায় আমি, কি সান্ত্বনাভাবে তিনটিদিনেতে, কহ, লো তারা কুণ্ডলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে...।আবার মেঘনাদ বধ কাব্য শেষ করেছেন অসাধারণ এক ট্র্যাজেডির মধ্য দিয়ে, যেখানে একদিকে মেঘনাদহীন রক্ষপুরের অসীম শূন্যতা আবার অন্যদিকে দেবী দুর্গার বিসর্জনের পর শূন্য মণ্ডপের হাহাকার মিলেমিশে একাকার হয়ে যায়। ...বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসেসপ্ত দিবানিশি লংকা কাঁদিলা বিষাদে।দুর্গা মাইকেলের সাহিত্যসৃষ্টির বিশাল উৎস। আসলে দুর্গাপূজা নিজেই একটা সাহিত্য। কীর্তিবাসী রামায়ণ দিয়ে সাহিত্যে দুর্গার প্রবেশ—এ থেকে এ যাবৎ কত ঔপন্যাসিক, কত গল্পকার দুর্গাকে নিয়ে কত রচনা, গীতসাহিত্য রচনা করেছেন তার সীমারেখা নেই। দুর্গার উল্লেখ আছে দ্বাদশ শতাব্দীর গীতগোবিন্দ, প্রাচীন যুগের মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ভরতচন্দ্রের অন্নদামঙ্গল ইত্যাদি কাব্যে-মহাকাব্যে। আর বাংলার শাক্ত পদাবলিতে দুর্গা যে কত মহিমায়, কতরূপে এসেছেন তা বলে শেষ করা যাবে না। বাংলা ক্লাসিকে মধুসূদন-পরবর্তী বঙ্কিম-শরৎচন্দ্র প্রমুখ সহিত্যিকের লেখায় দুর্গা বিভিন্ন প্রসঙ্গে এসেছেন। তবে দুর্গাকে আমাদের কৌম জীবনের একেবারে গভীরে নিয়ে গিয়েছেন বিভূতিভূষণ। মাটির গন্ধে, শিশির আর শিউলির গন্ধে দুর্গোৎসবকে মিলিয়ে কাশফুলের শুভ্রতায় সর্বজয়া, হরিহর, ইন্দির ঠাকুরণ আর অপু-দুর্গার দারিদ্র্যকে মহিমান্বিত করেছেন। দৃষ্টিপ্রদীপ-এর নায়ক সতু বৈরাগীদের আখড়ায় বিষ্ণুমন্দিরে পূজা দেখে, কিন্তু মনে মনে খোঁজে দুর্গাকে। অবশেষে মালতী কি দুর্গার রূপে তার কাছে ধরা দেয়? আর মহাকালজয়ী রবিঠাকুর ব্রাহ্ম হয়েও দুর্গাকে ডেকেছেন কতভাবে! এ সবই তো সাহিত্য, নিছক ধর্মমতের প্রকাশ নয়। সাহিত্যে দুর্গাকে বিশদভাবে বিভিন্নরূপে এনেছেন নজরুল: ‘রক্তাম্বরধারিণী মা...আর কত কাল’।নজরুল শুধু কবিতা-উপন্যাস নয়, কত কত শাক্ত পদাবলি রচনা করেছেন দুর্গাকে নিয়ে, তা আমার মতো একজন নগণ্যের পক্ষে বলা রীতিমতো ধৃষ্টতা। নজরুল তাঁর রচনায় দুর্গাকে সাদরে আবাহন করে মর্ত্যে এনেছেন, করুণা ভিক্ষায় প্রাণাতিপাত করেছেন, আবার সমাজে অন্যায়-অত্যাচার দেখে তাঁকেই ভর্ৎসনাবাণে বিদ্ধ করছেন। দেবী দুর্গা হাড়ে হাড়ে টের পেয়েছেন আমাদের কাজী নজরুল কী জিনিস!সমসাময়িক এবং তাঁর পরবর্তী সাহিত্যে, গল্পে-উপন্যাসে-কবিতায়-গানে-ছায়াবাণীতে দুর্গা প্রতিবারই এসেছেন। বাংলা সিনেমার কথা বলেও শেষ করা যাবে না। সত্যজিতের পথের পাঁচালী, নায়ক, জয়বাবা ফেলুনাথ, অশনী সংকেত, জলসাঘর, দেবী; ঋতুপর্ণ ঘোষের হীরের আংটি, উৎসব, নৌকাডুবি; ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম—আরও অজস্র ছায়াছবির উদাহরণ দেওয়া যাবে। দুর্গার রাজনৈতিক মূল্যও কম কিসে! উনিশ শতকের শেষ দিকে কংগ্রেসীরা ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে দুর্গাকে উপলক্ষ করার প্রয়াসী হলেন। বিপুল জনসমাগম সম্ভব বলে শুরু হয়েছিল বিভিন্ন স্থানে বারোয়ারি পূজা, যা আজও চলে আসছে এবং দেশে দেশে ভ্রাতৃবন্ধনের এক সূত্র হয়ে কাল-মহাকাল বয়ে বেড়াবে। দুর্গাপূজা শক্তির উপাসনা, অসুরবধের উপাসনা—নিজের মনের অসুরবৃত্তিকে বধ করে মনুষ্যত্বের বিকাশের উপাসনা। দুর্গোৎসব ঘিরে হোক সব বৈরিতার অবসান, জয় হোক মনুষ্যত্বের।  ড. মানস গোস্বামী: চক্ষু বিশেষজ্ঞ।