দুর্গা: জনের থেকে জনতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসব-অনুষ্ঠান যে আমাদের সামাজিক সমপ্রীতি, সৌহার্দ্য ও জনসংহতি প্রতিষ্ঠার বড় সহায়ক, তা আমরা সচেতনভাবে ভেবে দেখি না। আর দুর্গাপূজা যেহেতু হিন্দু তথা বাঙালি হিন্দুর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব, তাই এ ক্ষেত্রে দুর্গোৎসবের প্রভাব ও গুরুত্ব অপরিসীম।বর্তমান সমাজে অন্যান্য ধর্মীয় উৎসবের মতো দুর্গোৎসবের রূপটিও পরিবর্তিত হচ্ছে দ্রুতগতিতে। গৃহদেবতা এখন গণদেবতায় পর্যবসিত হয়েছেন। এককালে গ্রামপ্রধান বাংলায় মহালয়ার পর থেকেই দুর্গোৎসবের আগমনী সুর ধ্বনিত হতো আকাশ-বাতাসে, বেজে উঠত ঢাকঢোল-কাঁসর-ঘণ্টা প্রভৃতি মাঙ্গলিক বাদ্য। মূলত, জমিদার-রাজা-মহারাজারাই ছিলেন এই মহোৎসবের প্রধান হোতা। তাঁদের প্রাসাদসংলগ্ন সুবৃহৎ স্থায়ী চণ্ডীমণ্ডপে অনুষ্ঠিত হতো দুর্গোৎসব। অত্যন্ত ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ এই উৎসব একমাত্র জমিদার-ভূস্বামীশ্রেণী (অর্থাৎ তখনকার উচ্চবিত্ত ধনী সমপ্রদায়) ছাড়া আর কারও পক্ষে নির্বাহ করা অত্যন্ত কঠিন কাজ ছিল। প্রসিদ্ধি আছে, খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রাচীনকালের অশ্বমেধযজ্ঞের সঙ্গে পাল্লা দিয়ে সাড়ে আট লাখ টাকা (বর্তমানের মুদ্রামানে প্রায় কয়েক কোটি টাকা) ব্যয় করে অত্যন্ত সমারোহ ও জাঁকজমকের সঙ্গে প্রথম শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠান করেন। তাঁরই দেখাদেখি ভাদুরিয়ার রাজা জগৎনারায়ণও নয় লাখ টাকা ব্যয় করে আরও অধিক আড়ম্বরের সঙ্গে বাসন্তী দুর্গোৎসব করেন।যাঁরা দুর্গাপূজার ইতিহাস নিয়ে আলোচনা-গবেষণা করেন, তাঁদের সবার ধারণা রাজা কংস নারায়ণের পদ্ধতি অনুসরণ করেই পরবর্তীকালে অন্যান্য রাজা-জমিদার-ধনিক-বণিক প্রভৃতি ধনাঢ্য সমপ্রদায় এই দুর্গোৎসব করে আসছে। কংস নারায়ণ ও জগৎ নারায়ণের পরে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের কথা জানা যায়, যিনি অত্যন্ত সমারোহে দুর্গোৎসব করতেন। পরে ইংরেজ আমলে দুর্গোৎসব আরও ব্যাপকতা লাভ করে।ব্রিটিশ শাসনের প্রাথমিক যুগে ক্লাইভ, হেস্টিংস, হলওয়েল প্রমুখ সাহেবের আমলে শোভা বাজারের রাজা মুনসী নবকৃষ্ণ, আন্দুলের দেওয়ান রামচাঁদ রায়, ভূ কৈলাশের দেওয়ান গোকুল চন্দ্র ঘোষাল, দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তির বাড়িতে মহা আড়ম্বরের সঙ্গে দুর্গোৎসব হতে দেখা গেছে। তখনকার দিনে ইংরেজ রাজকর্মচারীরাও এসব ধর্মীয় উৎসবে যোগ দিতেন এবং উৎসাহ জোগাতেন। ১৭৯২ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর তারিখের ক্যালকাটা ক্রনিক্ল পত্রিকায় আসন্ন দুর্গোৎসবের বিবরণ প্রসঙ্গে কয়েকটি বিখ্যাত বাড়ির উল্লেখ করা হয়। যাঁদের বাড়িতে মহাসমারোহে দুর্গোৎসব হবে, তাঁদের মধ্যে মহারাজা নবকৃষ্ণ, প্রাণকৃষ্ণ সিংহ, কেষ্টচাঁদ মিত্র, রামহরি ঠাকুর, বারানসী ঘোষ ও দর্পনারায়ণ ঠাকুরের নাম উল্লেখ করে বলা হয়, অন্যান্য বছরের মতো এ বছরও কলকাতার এসব ধনীগৃহে ইংরেজ রাজকর্মচারীরা আনন্দোৎসবে যোগ দেবেন।এদিক থেকে বলা যায়, দুর্গাপূজা প্রথম থেকেই রাজসিক আড়ম্বরপূর্ণ উৎসব হিসেবে পরিগণিত হয়ে এসেছে। জমিদারেরা দুর্গোৎসবের সময় জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আড়ম্বর করতেন হয়তো ব্যক্তিগত বা বংশগত অহমিকা প্রকাশ বা স্বার্থোদ্ধারের জন্য। তা সত্ত্বেও এসব কাজে প্রজাপুঞ্জ যে খুশি হতো, আনন্দোৎসবে মেতে ওঠার সুযোগ পেত, তা অস্বীকার করার উপায় নেই। পূজা উপলক্ষে জমিদারগৃহ প্রাঙ্গণে মেলা বসত, প্রজাভোজন হতো, রামায়ণ গান, কবিগান, ভাবগান, যাত্রা, থিয়েটার, কথকতা হতো এবং সেই আনন্দ অনুষ্ঠান উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার লোকের সমাগম হতো। সে যুগে যখন বেতার-টেলিভিশন বা পত্রপত্রিকার সুবিধা ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, যোগাযোগের অসুবিধার কারণে গ্রামবাংলার মানুষ এক-একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করত, তখন মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের বা মিলনের একটি ক্ষেত্র ছিল পূজা-পার্বণাদি, উৎসব-অনুষ্ঠান। এবং আরও একটি ক্ষেত্র ছিল তীর্থস্থান, কিন্তু তীর্থক্ষেত্রে যাওয়ার সংগতি বা সুযোগ-সুবিধা সবার ছিল না। তাই মানুষের সমষ্টিগত সংহতিবোধ রক্ষার শ্রেষ্ঠ উপায় ছিল ধর্মীয় উৎসব-অনুষ্ঠানাদি, যার শ্রেষ্ঠ প্রতিভূ হচ্ছে দুর্গোৎসব।আধুনিককালে দুর্গোৎসবের প্রাচীন রূপের বহু পরিবর্তন সাধিত হয়েছে। ১৯৪৭ খ্রিষ্টাব্দে উপমহাদেশ ব্রিটিশ-শাসনমুক্ত হলো। প্রতিষ্ঠিত হলো স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্র। উভয় দেশেই কায়েম হলো নতুন শাসনব্যবস্থা। স্বাধীন দেশে স্বাভাবিক কারণেই জমিদারি প্রথা বিলুপ্ত হলো। জমিদারি প্রথা উচ্ছেদ হওয়ায় নতুন অর্থনৈতিক ব্যবস্থায় পূর্বতন জমিদার-ভূস্বামীদের আর্থিক অবস্থা অনেকেরই আর আগেকার মতো রইল না। ফলে তাঁদের ব্যক্তিগত উদ্যোগে যেসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতো, তা বহুলাংশে বন্ধ হয়ে গেল এবং তার স্থান দখল করল সর্বজনীন তথা বারোয়ারি দুর্গাপূজা। এই সর্বজনীন দুর্গোৎসবে যজমান বা পূজাকর্তা একজন নয়, বহু। বিগত ৪০-৫০ বছরের মধ্যে দুর্গোৎসবের সেই প্রাচীন ধারায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। দু-চারটি ব্যতিক্রম ছাড়া দুর্গাপূজা এখন গণদেবতার উৎসব। অনেকে মনে করেন, বারোয়ারি দুর্গাপূজায় সাত্ত্বিক ভাবগাম্ভীর্যের স্থলে বাহ্যিক আড়ম্বর তথা জাঁকজমক অনেক বেশি এসে গেছে। ধারণাটি হয়তো একেবারে অসত্য নয়। কিন্তু ব্যক্তিকেন্দ্রিক দুর্গাপূজার তুলনায় সমষ্টিকেন্দ্রিক তথা বারোয়ারি দুর্গাপূজায় সামাজিক সংহতি বিধানের ক্ষেত্র যে অনেক বেশি প্রশস্ত হয়েছে, তাও অস্বীকার করার উপায় নেই। পূজা উপলক্ষে পারস্পরিক সম্ভাষণ, প্রীতি ও সৌহার্দ্য বিনিময় এবং আত্মীয়স্বজনের সমাগমের মাধ্যমে সৌভ্রাতৃত্ববোধ এবং পারিবারিক-সামাজিক সমপ্রীতির বিকাশ ও বৃদ্ধি ঘটে। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের পরে প্রণাম, শ্রদ্ধা বা প্রীতি সম্ভাষণের প্রথাটি আগের তুলনায় স্তিমিত হয়ে পড়লেও এখনো তা প্রচলিত আছে। অনেকে পূর্বশত্রুতা ভুলে পরস্পর গাঢ় আলিঙ্গনে আবদ্ধ হয়। এই মহোৎসবে যে জনবল ও অর্থবলের প্রয়োজন, জনগণই তার প্রধান উৎস, কোনো ব্যক্তিবিশেষ নন। তাই ব্যক্তিবিশেষের কোনো খবরদারিও নেই তাতে। নেই ধনী-গরিবের পার্থক্য, নেই ব্রাহ্মণ-শূদ্র প্রভৃতি জাত-পাতের ভেদাভেদ; জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আছে সবার সমান অংশীদারি ও সমানাধিকার। সামাজিক সংহতি দৃঢ়তর করার ক্ষেত্রে সর্বজনীন দুর্গোৎসবের তাই অনেক বেশি শক্তি।  কানাই লাল রায়: সাবেক অধ্যাপক, ভাষা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।