দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়কে রেইনট্রি কাটার ওপর নিষেধাজ্ঞা
নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুরের শান্ত ছায়া সুনিবিড় দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়কে রেইনট্রি কাটার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গাছ কাটতে নেওয়া পদক্ষেপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ রোববার ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। গাছ কাটা নিয়ে করা রিট আবেদনটিও নাকচ করে দিয়েছেন আদালত। আদালত থেকে বের হয়ে রিট আবেদনকারীর আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলো অনলাইনকে বলেন, আদালত রিটটি গ্রহণযোগ্য নয় বলে খারিজ করে দিয়েছেন। তবে স্বতঃপ্রণোদিত হয়ে গাছ কাটার ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কারণ দর্শানোর জন্য আদালত চার সপ্তাহের রুল জারি করেছেন বলেও তিনি জানান। দুর্গাপুর-ঝাঞ্জাইল সড়কের পাশ ঘেঁষে এ গাছগুলো আছে ১০০ বছরের বেশি সময় ধরে। রাস্তা থেকে কয়েক ফুট নিচে এগুলোর অবস্থান। ১৮৯০ সালে অস্ট্রেলিয়ান ব্যাপ্টিস্ট মিশন এ এলাকায় কাজ শুরু করে। নিজেদের চলাচলের জন্য এ রাস্তা তৈরি করে এবং রাস্তার পাশে রোপণ করে রেইনট্রি।স্থানীয় গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) কর্তৃপক্ষ গাছ কাটা বন্ধ করা এবং জমির মালিকানা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করে।